ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ‘ঢাকা ঘেরাও’-এর হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর মাওলানা রেজাউল করীম সরকারের বিরুদ্ধে ইসলামের বিপরীতে অবস্থান নেওয়ার অভিযোগ এনে প্রয়োজনে ‘ঢাকা ঘেরাও’ করার হুমকি দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পল্টন মোড়ে আয়োজিত মহাসমাবেশে তিনি এ হুমকি দেন।সমাবেশে ইসলামী আন্দোলন ছাড়াও অন্যান্য ধর্মভিত্তিক ও ডানপন্থী দল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারাও বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চায়, নারীদের পর্দাপ্রথা তুলে দিতে চায়। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার হুমকিও দেওয়া হয়।সাম্প্রতিক সময়ে রাজধানীতে যতগুলো রাজনৈতিক কর্মসূচি হয়েছে, তার মধ্যে গতকালের সমাবেশটি ছিল উল্লেখযোগ্য। সারা দেশ থেকে আসা হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেয়। মুক্তাঙ্গনের সামনে মঞ্চ করা হলেও জাতীয় প্রেসক্লাব, কাকরাইলের নাইটিঙ্গেল মোড়, গুলিস্তান মোড় ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট পর্যন্ত মানুষ ছড়িয়ে পড়ে।সভাপতির বক্তব্যে মাওলানা রেজাউল করীম ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণমিছিল করার ঘোষণা দেন। এতে দাবি আদায় না হলে আগামী শীতকালীন অধিবেশনে সংসদ অভিমুখে গণমিছিল করার কথা বলেন। এতেও কাজ না হলে ঢাকা অবরোধ করার হুমকি দেন তিনি।রেজাউল করীম বলেন, ‘সরকার আমাদের জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ভয় দেখায়। কিন্তু এই সরকারের জানা নাই, এসব কোর্টের ওপরে একটি কোর্ট আছে। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোর্ট।’প্রধানমন্ত্রীর উদ্দেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আপনি বলেন, ধর্মীয় রাজনীতি বন্ধ হবে না। কিন্তু আপনার আইনমন্ত্রী বলেন, ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আমাদের মনে কৌতূহল জাগছে, প্রধানমন্ত্রী আপনি, নাকি আইনমন্ত্রী?’সমাবেশে হাজার হাজার লোক আসার বিষয়টি উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘সবেমাত্র এক নম্বর সংকেত দেওয়া হলো। প্রয়োজনে আমরা সবাই জেলখানায় ঢোকার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি।’সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা ফয়জুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে শিক্ষা দিতে হবে। আমরা এ দেশে ভেসে আসিনি। আপনি ইসলাম উৎখাত করবেন? তার আগেই আপনি উৎখাত হয়ে যাবেন।’দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘আমরা মৌলবাদী। আপনারা (সমাবেশে আগত জনতা) জোরে বলুন, মৌলবাদ জিন্দাবাদ। যাদের মূল নাই, তারা কী?’বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, এটা মুসলমানের দেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে জনগণ চলতে পারবে কি না, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত রাখা যায় না।বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, ‘ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি। কিন্তু আত্মার সম্পর্ক আছে। আমার চোখের সামনে এ দেশের সম্পদ লুটপাট হবে, ইসলামি বিধান নিষিদ্ধ হবে আর আমরা চেয়ে চেয়ে দেখতে থাকব? আমি আশা করি, বাংলাদেশকে রক্ষার জন্য সব জাতীয়তাবাদী শক্তি অতীতের ভুলভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধ হবে।’খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমদ উল্লাহ আশরাফ বলেন, ‘তাঁরা (মন্ত্রী) নিজেদের মুসলমান দাবি করেন না, বাঙালি দাবি করেন। বাঙালি কী ধরনের লোক? আমাদের পাশের বাড়িতে একজন লোক বাস করত, যে নিজেকে বাঙালি বলত। সে ছিল হিন্দু। আমাদের মন্ত্রীরাও নিজেদের বাঙালি বলেন, মুসলমান বলেন না।’সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম প্রমুখ বক্তব্য দেন।