ইসলামী আন্দোলনের সঙ্গে বাড়ছে হেফাজতের বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের সঙ্গে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের বিরোধ ক্রমেই বাড়ছে। এ কারণে আগামী ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন।হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি সমর্থন জানালেও লংমার্চের পর এ পর্যন্ত ঢাকার বাইরে হেফাজতের ছয়টি সমাবেশের কোনোটিতেই অংশ নেয়নি ইসলামী আন্দোলন। উল্টো গত বৃহস্পতিবার খুলনায় ও শনিবার বরিশালে হেফাজতের সঙ্গে পাল্টাপাল্টি সমাবেশ করেছে।ইসলামী আন্দোলনের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সখ্য রয়েছে—হেফাজতসহ ধর্মভিত্তিক অন্য দলগুলোর মধ্যে এমন প্রচার আছে। তবে হেফাজতের নেতারাও এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলামী আন্দোলন সম্পর্কে কোনো মন্তব্য করেননি।এর মধ্যে গত শনিবার বরিশালের মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যাঁরা আমাদের আওয়ামী লীগের দালাল বলেন, আসলে তাঁরাই বিএনপি-জামায়াতের দালালি করেন।’চরমোনাই পীরের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও হেফাজতের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ‘ওনারা আমাদের সম্পর্কে যদি ইঙ্গিতপূর্ণ কিছু বলেও থাকেন, আমরা তাঁদের সম্পর্কে কিছু বলব না।’ বিরোধের সূত্রপাত: উভয় পক্ষের দায়িত্বশীল একাধিক নেতা জানান, গত ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ওই দিন চরমোনাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করীম চলমান ‘ইসলামবিদ্বেষী’ পরিস্থিতির মোকাবিলায় ধর্মভিত্তিক দলগুলোকে আগামী দিনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব করেন। এর জবাবে তখন ১৮-দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ মত দেন, এককভাবে নির্বাচন করার মত ক্ষমতা ধর্মভিত্তিক দলগুলো এখনো অর্জন করেনি। এতে ‘ইসলামবিদ্বেষীদের’ হাত শক্তিশালী হবে। এ বক্তব্যের সময় মুফতি ওয়াক্কাসকে থামিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ‘আপনি কী বলতে চান, পরিষ্কার করে বলুন।’ এ সময় হইচই শুরু হয়। তখন সভার সভাপতি হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী একজনের বক্তব্যে বাধা দেওয়া এবং অহেতুক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। এ পর্যায়ে চরমোনাইয়ের পীর সবার পক্ষ থেকে আহমদ শফীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এর পর থেকে হেফাজতের কর্মসূচি থেকে ইসলামী আন্দোলন নিজেদের গুটিয়ে রাখে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এরপর ৬ এপ্রিল হেফাজতের মহাসমাবেশ মঞ্চে ইসলামী আন্দোলনের নেতাদের উঠতে না দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দূরত্ব আরও বাড়ে। একটি পুস্তিকা নিয়ে ক্ষোভ: হেফাজতের দায়িত্বশীল একাধিক নেতা জানান, হে আল্লাহ, পীর সাহেব চরমোনাইকে কবুল কর শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ এবং তা ২৯ মার্চ মতিঝিলে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বিলি করার ঘটনায় হেফাজতের নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।আতিকুর রহমান নান্নু মুন্সী নামের ইসলামী আন্দোলনের এক নেতার প্রকাশ করা এই পুস্তিকায় হেফাজতের নেতৃত্ব ও এর সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়। এ কারণে শাহ আহমদ শফীর সম্মতিতে ৬ এপ্রিল ঢাকায় হেফাজতের মহাসমাবেশ মঞ্চে ইসলামী আন্দোলনের নেতাদের উঠতে দেওয়া হয়নি বলে জানা গেছে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূছ আহমাদ প্রথম আলোকে বলেন, ‘যতটুকু জেনেছি, আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা আহমদ শফী সাহেব জানেন না। ইমানি দাবিতে আমরা হেফাজতকে সমর্থন জানিয়েছি।’ তিনি জানান, ওই পুস্তিকাটি দলীয় প্রকাশনা নয়। এটি যাঁর নামে প্রকাশিত হয়েছে, তিনি নিজেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।একজনকে অব্যাহতি: এ পুস্তিকার ঘটনায় আলেম সমাজ ও ইসলামী আন্দোলনের ভেতরেও নানা প্রতিক্রিয়া হয়েছে। দলটির সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘বইটি আমাদের অবস্থানকে দুর্বল ও প্রশ্নবিদ্ধ করেছে।’এ অবস্থায় পুস্তিকাটির প্রকাশনা নিয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্তে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দলের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন।তবে সৈয়দ বেলায়েত হোসেন পুস্তিকাটি প্রকাশের সঙ্গে জড়িত থাকার কথা প্রথম আলোর কাছে অস্বীকার করেন।বিরোধ মেটানোর চেষ্টা ব্যর্থ: ইসলামী আন্দোলনের একাধিক নেতা দাবি করেন, হেফাজতের সঙ্গে দূরত্ব কমাতে কয়েক দফা চেষ্টা চালিয়ে তাঁরা ব্যর্থ হয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার হেফাজতে ইসলামের বরিশালের সমাবেশে যোগ দিতে যান ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য ও চরমোনাই পীরের ভাই সৈয়দ মো. ফয়জুল করীম। কিন্তু তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়া ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে জামায়াতের পর ইসলামী আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী বলে মনে করা হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮টি আসনে এককভাবে অংশ নিয়ে প্রায় সাড়ে সাত লাখ ভোট পেয়েছে দলটি।