ইসলামী আন্দোলনের ১১ নেতা-কর্মীকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করার অপরাধে আজ রোববার দুপুরে পুলিশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১৫ নেতা-কর্মীকে আটক করে। তাঁদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাবনা জেলা শাখার সহসভাপতি আবদুস ছাত্তার মোল্লা (৪৮), দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান (৩২); কর্মী লিটন হোসেন (২১), মোতালেব হোসেন (২৫), আশরাফুল ইসলাম (২০), রিপন হোসেন (২০), আবদুল্লাহ আল-মামুন (১৮), সাইফুল ইসলাম (৩১), মুক্তার হোসেন (২৮), মনিরুল ইসলাম (১৮) ও সাইফুল ইসলাম (১৮)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন জানান , দুপুর ১২টার দিকে শহরের দই বাজার মোড় ও গাছপাড়া মোড়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা মিছিল ও পিকেটিং করছিলেন। বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ মিছিল দুটি ছত্রভঙ্গ করে দিয়ে ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে। বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ওই ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। অন্যদের বয়স কম হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।সরোয়ার আলম প্রথম আলোকে জানান, আটক কর্মীরা আইন লঙ্ঘন করে পিকেটিং, গাড়ি ভাঙচুর ও মিছিল করেছেন। আদালত সাক্ষ্যপ্রমাণ ও তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে তিনজনকে ১৫ দিন এবং আটজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন।