ইসলামী আন্দোলনের ৯ নেতা-কর্মী নিখোঁজ হওয়ার অভিযোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মো. রেজাউল করিম অভিযোগ করেছেন, তাঁর দলের নয়জন নেতা-কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ দুপুরে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।সৈয়দ রেজাউল করিম জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচজন, বরগুনা জেলার আমতলীতে তিনজন ও নোয়াখালীর কবিরহাটে তাঁদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, ‘গতকাল রোববার হরতালের সময় সংঘটিত নারায়ণগঞ্জের পঞ্চবটী ও কাঁচপুরে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এ ছাড়া পুলিশ নেতা-কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সে খোঁজ পাওয়া যাচ্ছে না।’ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘এভাবে চলছে থাকলে জীবন বাঁচাতে সরকারের বিরুদ্ধে লাগাতার হরতাল কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ইউনুছ আহমদ, ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।