ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হলেন লতিফ নেজামী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল লতিফ নেজামী। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর ২৮ দিন পর আজ বুধবার তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। একই সঙ্গে মুফতি ফয়জুল্লাহকে সংগঠনের মহাসচিব করা হয়েছে।আজ লালবাগের জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোটের সম্মেলন হয়। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রকীবের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের ৩৬ সদস্যের নতুন মজলিসে শুরা গঠনের পর এর সদস্যরা গোপন ভোটে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন করেন।৫১ সদস্যের জাতীয় নির্বাহী কমিটিতে মুফতি আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনীকে ভাইস চেয়ারম্যান করা হয়। এ ছাড়া হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে প্রধান করে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—মুফতি আবদুর রহমান, সুলতান যওক নদভী, মুহিব্বুল্লাহ বাবুনগরী, গিয়াস উদ্দীন (বালিয়ার পীর), আবদুর রহমান হাফেজ্জী প্রমুখ।