প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিচারের হুমকি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম কারাগারে
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিচার করার হুমকি দেওয়া-সংক্রান্ত মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। আজ সোমবার ওই মামলায় চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া রেজাউল করিমের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় রেজাউলসহ আটজন আসামি রয়েছেন। ৩০ জুন মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির কথা রয়েছে। ওই দিনই অন্য আসামিদের ব্যাপারে আদালত আদেশ দেবেন। প্রসঙ্গত, ২০১০ সালের ২৮ অক্টোবর ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা হবে বলে হুমকি দিয়েছিল রেজাউল। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ। রেজাউল করিম প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আপনি ক্ষমতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা হত্যাকাণ্ড, পল্টন হত্যাকাণ্ড অপেক্ষা করে আছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল আপনি বুঝবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আপনাদের বিচার করা হবে।’পরে ২০১০ সালের ২ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব রেজাউলসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত সূত্রে জানা যায়, রেজাউল এ মামলায় চার মাসের আগাম জামিন নেন। গত ২৫ মে তাঁর জামিনের মেয়াদ শেষ হয়। তিনি জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আর আবেদন করেননি। আজ আদালতে আসামিদের হাজিরার দিন ধার্য ছিল।