ইসলামী বিশ্ববিদ্যালয়: গ্রেপ্তার ১৬ জন এখন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার করা ১৬ জনকে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তাঁদের কুষ্টিয়া মুখ্য বিচারিক আদালতে হাজির করলে আদালত আগামী রোববার মামলার শুনানির দিন ধার্য করেন। তবে এ সময় আসামিদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি।ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়াদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গতকাল সকালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে দুপুরে বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে আটক করা সাতজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এ ছাড়া ওই দিনই ছাত্রলীগের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে তাদের সমর্থিত এলাকাবাসী ক্যাম্পাসসংলগ্ন মধুপুর বাজারে রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ ও দুটি গাড়ি ভাঙচুর করাসহ পুলিশের ওপর হামলার অপরাধে আরও একটি মামলা হয়। ওই মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়।ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।