ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষে ২০ জন আহত হওয়ার ঘটনায় ছাত্রদলের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার থেকে ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রদল।ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক আজ প্রথম আলোকে জানান, গতকাল রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন, সহউপাচার্য কামালউদ্দিন ও প্রক্টোরিয়াল বডির সদস্যদের সঙ্গে ছাত্রদল বৈঠক করে। বৈঠকে ছাত্রদল তাদের ওপর হামলাকারীদের শাস্তি ও ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিতের দাবি জানায়। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। প্রসঙ্গত, গতকাল ছাত্রলীগকে উদ্দেশ্য করে কটূক্তি করার জের ধরে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষে ২০ জন আহত হন।