কুষ্টিয়ায় পুলিশের লাঠিপেটা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ ২৫ জন আহত, আটক ১৮
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে ছাত্রলীগের একাংশ কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে বিত্তিপাড়ায় বাধা প্রদান করে। পরে গাড়িগুলো কুষ্টিয়া শহরে ফিরিয়ে আনা হয়। বেলা ১১টার দিকে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে শতাধিক শিক্ষার্থী প্রক্টরের পদত্যাগ, ক্যাম্পাসের বর্তমান সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে কাস্টমস মোড়সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন ও ছাত্র উপদেষ্টা সাইদুর রহমানসহ কয়েকজন সহকারী প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে সেখানে কথা বলেন। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে অন্যত্র আলোচনা করতে বলে। কিন্তু শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিপেটা শুরু করে। পুলিশের বেধড়ক লাঠিপেটায় ছাত্র, শিক্ষক, পথচারীসহ অন্তত ২৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ১৮ জনকে আটক করে কুষ্টিয়া সদর থানায় নিয়ে যায়।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা বলেন, ছাত্ররা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাঁদেরকে কয়েকবার সরে যেতে বলা হয়। কিন্তু তাঁরা না সরলে পুলিশ লাঠিপেটা করে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এতে আমাদের কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। আমি খুবই দুঃখিত।’এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর খন্দকার তৌহিদুল আনাম বলেন, ‘পুলিশ ছাত্রদের ওপর লাঠিপেটা করছিল। আমি পাশের একটি চায়ের দোকানে বসেছিলাম। আমি পুলিশকে আমার পরিচয় দিই। তার পরও পুলিশ আমাকে লাঠিপেটা করে।’