ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের বাসায় গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুর রশিদের বাসা লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে পুলিশ সেখান থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল রাত সোয়া ১০টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের টালিপাড়ায় আবদুর রশিদের বাসার সামনে যান। এ সময় তাঁরা তাঁর নাম ধরে ডাকতে থাকেন। বাসার ভেতর থেকে রশিদের ছোট ভাই আবদুর রব দোতলার জানালা দিয়ে দেখতে পান দুজন লোক বাইরে দাঁড়িয়ে আছেন।আবদুর রব প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাই (আবদুর রশিদ) ঘুমিয়ে আছেন জানালে দুর্বৃত্তরা বাসা লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এ সময় চিত্কার দিলে এলাকাবাসী ছুটে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।’ সহকারী রেজিস্ট্রার আবদুর রশিদ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আলাউদ্দিনের বাসায় কিছুদিন আগে ককটেল হামলা হয়েছিল। গুলির ঘটনাও একই সূত্রে গাঁথা।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।