ইসলামী বিশ্ববিদ্যালয়: পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পানিতে ডুবে শামসুর রহমান (২০) নামে আল-ফিকহ বিভাগের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া নয়টায় দুই সহপাঠীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে গোসল করতে নেমে শামসুর ডুবে যান।শামসুর আল-ফিকহ বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার কেশবপুর গ্রামের মো. বেলাল মিয়ার ছেলে।সহপাঠীরা জানান, শামসুর সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে হঠাত্ ডুবে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই সহপাঠীর চিত্কারে হলের কিছু ছাত্র পুকুরে নেমে যান। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু হলের ছাত্ররা পুকুর থেকে তাঁর লাশ তুলে আনেন। পরে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এসে এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু সত্যিই দুঃখজনক।