ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাল থেকে ছাত্রদলের ধর্মঘট
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ছাত্রলীগ, ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে ছাত্রদল কাল মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে।আহতদের মধ্যে ছাত্রলীগের কর্মী মিন্টু, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন এবং সাদ্দাম হল শাখার সাধারণ সম্পাদক মাসুদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিত্সক পারভেজ জানান।এদিকে সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখার সময় সাদ্দাম হলে পুলিশ তল্লাশী চালাচ্ছে বলে প্রক্টর জানিয়েছেন। জানা যায়, আজ দুপুর সোয়া ১২টায় ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রনেতাদের উদ্দেশে কটূক্তি করায় ছাত্রলীগের কর্মী জাপানের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে অনুষদ ভবনের শিক্ষক সমিতির কার্যালয়ে তারা আশ্রয় নেয়।পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদে মিছিল করে নিজেদের দলীয় টেন্টে ফিরে আসে। এ সময় অনুষদ ভবনের কাছে শিবিরের টেন্টে অবস্থান নেয় শিবিরের নেতা-কর্মীরা। একপর্যায়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে শিবির সভাপতি শাহিনুর রহমান, জিয়া হলের সভাপতি মাসুম, সাদ্দাম হলের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মাসউদ, ছাত্রলীগের গাফফার, জনি, রেন্টু, মিন্টু, জহুরুলসহ উভয় গ্রুপের ২০ নেতা-কর্মী আহত হয়।পরে শিবিরের নেতা-কর্মীরা সাদ্দাম হলে সশস্ত্র অবস্থান নিয়েছে, এমন খবরের ভিত্তিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাদ্দাম হলে হামলা চালায়। এ সময় উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রক্টর মাহবুবুল আরফিনসহ ১৫-১৬ জন শিক্ষক ঘটনাস্থলে এলে তাঁরাও বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হন। এদিকে হামলার প্রতিবাদে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রদল বেলা দুইটার দিকে আধাঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে কাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেয় ছাত্রদল।এ ঘটনার জন্য ছাত্রদল সভাপতি ওমর ফারুক ও ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ছাত্রদল ও ছাত্রশিবিরের ক্যাডাররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে ছাত্রলীগ বাধা দিয়েছে। এ ব্যাপারে প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত করার চেষ্টা করছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।’