ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ ছাড়া আজ বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। গত বছরের ১৭ নভেম্বর এ পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। পরে তা স্থগিত করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে আজ দুপুর ১২টার দিকে উপাচার্যের সভাকক্ষে বিভাগের সভাপতি ও অনুষদের ডিনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী শনিবার (২৬ জানুয়ারি) ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।আজ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই ক্লাস হয়েছে। যেসব বিভাগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা দীর্ঘদিন ধরে স্থগিত ছিল, নতুন করে সেসব পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘দীর্ঘদিন পর এ বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নেওয়ার ব্যাপারে শিক্ষকদের আহ্বান জানানো হয়েছে।’ এ ছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ১১২জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ, ছাত্রলীগ ও স্থানীয় লোকদের মধ্যে হামলা-ভাঙচুর এবং নানা দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে দীর্ঘ চার মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। পরে ২৭ ডিসেম্বর সরকার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এম আলাউদ্দিনকে অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে আবদুল হাকিম সরকারকে নিয়োগ দেয়। এর পাঁচ দিন পর সহ-উপাচার্য মো. কামালউদ্দিনকেও অব্যাহতি দিয়ে পদটি খালি করা হয়। এ ছাড়া আন্দোলনরত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে গত রোববার নতুন প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। ওই দিন রাতে আন্দোলনকারী শিক্ষকদের তিনটি সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ ও গ্রিন ফোরাম পৃথক বৈঠক করে পরদিন সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সোমবার পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট এবং মঙ্গলবার কুষ্টিয়ায় হরতাল থাকায় ক্লাস শুরু করা যায়নি। গতকাল মঙ্গলবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আজ থেকে ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দেন।