ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিবির গোলাগুলি, আহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৩৫টি গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।বিশ্ববিদ্যালয়ের লালন শাহ আবাসিক হলে ডাইনিংয়ের ব্যবস্থাপক নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে বলে জানা গেছে। সংঘর্ষে আহত পাঁচজনকে কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ডাইনিংয়ের ব্যবস্থাপক নিয়োগ নিয়ে বেলা একটার দিকে ছাত্রলীগ ও শিবিরের কয়েকজন নেতা-কর্মীর মধ্যে বাগিবতণ্ডা হয়। বেলা দেড়টার দিকে সমঝোতা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয় ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে বৈঠকে বসে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালন শাহ হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ তৌফিক এলাহী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মেহের আলী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, শিবিরের নেতা আসাদুল্লাহ প্রমুখ। বৈঠকের একপর্যায়ে উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শিবিরের নেতা-কর্মীরা হলের সামনে থাকা ছাত্রলীগের ব্যানার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে লালন শাহ হলের সামনে দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন শিবিরের ক্যাডাররা। এ সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩৫টি গুলি বিনিময় হয়। আহত ব্যক্তিদের মধ্যে রেদোয়ান ও মান্নানের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়া সদর হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। এ ছাড়া সাগর ও মিজানুরকে ঝিনাইদহ এবং মনিরকে কুষ্টিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শাহজাহান আলীসহ প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে প্রায় ২৪টি কাঁদানে গ্যাস এবং ১৮টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের পর লালন শাহ হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পুলিশ দুটি চাপাতি, একটি ছোরা, চারটি রড ও ১০টি লাঠি উদ্ধার করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন অভিযোগ করেন, ‘ডাইনিংয়ের ব্যবস্থাপক নিয়োগের বিষয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় শিবিরের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’তবে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মাইনুল হোসেন দাবি করেন, ছাত্রলীগের কর্মীরা শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা মোস্তফা জামাল বলেন, ফের সংঘর্ষ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।