ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে আবারও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের এ সংঘর্ষের পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালিয়ে ওই সংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে ছাত্রলীগের একটি পক্ষের সমর্থক এলাকাবাসী বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ ১৫ জন আহত হয়েছেন। পরে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। ক্যাম্পাসে শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মী ও পদবঞ্চিত খসরু-মাহবুব পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চারটি ফাঁকা গুলিও ছোড়া হয়। উভয় পক্ষের হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়। এ সংঘর্ষে খসরু-মাহবুব পক্ষের মেরাজ ও মমিনসহ পাঁচজন আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রশাসন ভবনে অবস্থিত পরিবহন অফিসেও ছাত্রলীগের কর্মীরা ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে।দুপুর একটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উদ্ভূত পরিস্থিতিতে কুষ্টিয়া পুলিশ সুপার শাহাবুদ্দীন খান ও অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ ক্যাম্পাসে গিয়ে দুপুর দেড়টা থেকে ছাত্র হলগুলোতে তল্লাশি শুরু করে। এ সময় পুলিশ কোনো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য না পেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও জিয়াউর রহমান হল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক গাফ্ফার, যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন, কর্মী লিটন, টগর, জিল্লুর রহমান, মেজবাউল হোসেন ও শাহ আলমকে আটক করে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে গতকাল রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ওই সাতজনসহ ছাত্রলীগের অজ্ঞাতনামা নেতা কর্মীদের আসামি করে একটি মামলা করে।কুষ্টিয়ার অতিরিক্তি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, ক্যাম্পাসে সাতজনকে আটকের খবরে মাহাবুব সমর্থক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার ৪০০-৫০০ লোক বিশ্ববিদ্যালয়সংলগ্ন মধুপুর বাজারে বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নাজুক হলে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের ১০টি শেল নিক্ষেপ করে। এ সময় এসএআই হাবিবুর রহমানসহ ১০ জন আহত হন। হাবিবুর রহমানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে। সড়কে অবরোধ সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল রাতে আরেকটি মামলা হয়। এ মামলায় এই নয়জনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন এলাকাবাসীকে আসামি করা হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়া মাহবুব হোসেন অভিযোগ করে বলেন, তাঁর পক্ষের নেতা-কর্মীরা জিয়াউর রহমান হলের পাশ দিয়ে যাওয়ার সময় সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, কিছু বহিরাগত সন্ত্রাসী ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করবে। এ নিয়ে গত তিন মাসে ছাত্রলীগের দুই পক্ষে তিন বার সংঘর্ষ হলো। দ্বিতীয় দফার সংঘর্ষের পর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।