ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আলী মুর্তজা খসরু ও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেছে। আজ সোমবার সকাল নয়টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে রুপম, রানা, জাহিদ, সাদ্দামসহ অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন।বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরের নেতৃত্বাধীন গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রবেশ করে একটি মোটরসাইকেল, হল অফিসের তিনটি কক্ষ ও সাধারণ ছাত্রদের ১৯টি কক্ষ ভাঙচুর করেছে। সর্বশেষ খবরে জানা যায়, খসরু গ্রুপ বঙ্গবন্ধু হলের পেছনে ও জাহাঙ্গীর গ্রুপ দলীয় টেন্টে অবস্থান করছে। পুলিশ বঙ্গবন্ধু হলের সামনে থেকে শহীদ নামের একজন ছাত্রকে আটক করেছে।বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. মাহবুবর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সমস্যা সমাধান করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।