ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে একজন আহত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার জাসদ ছাত্রলীগের একপক্ষের হামলায় অন্যপক্ষের একজন গুরুতর আহত হয়েছেন। আহত মোস্তাফা হক বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর হোসেন পক্ষের কর্মীরা সাইফুজ্জামান পটলার গ্রুপের মোস্তফার ওপর হামলা চালায়। এ সময় তিনি ক্যাম্পাসে জাসদ ছাত্রলীগের দলীয় টেন্টে বসেছিলেন। মোস্তফাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্র ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটার পরে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।কিছুদিন আগে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখনো কমিটি ঘোষণা করা হয়নি। মোস্তফা জাসদ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি আল-ফিকাহ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।মোস্তফা বলেন, ‘জাহাঙ্গীরপক্ষের বহিরাগত কামাল, মঞ্জু ও খাজা আমার ওপর হামলা চালিয়েছে।’ তবে জাহাঙ্গীর বলেন, ‘বহিরাগতরা আমাদের এক কর্মীর ওপর হামলা চালালে আমরা প্রতিহত করার চেষ্টা করি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর তদন্ত সাপেক্ষে হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।