ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির তদন্ত শুরু
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি খতিয়ে দেখতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার ওই তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তদন্ত কমিটির আহ্বায়ক ও ইউজিসির সদস্য মোহাম্মদ মহাব্বত হোসেন খানের নেতৃত্বে ইউজিসির উপসচিব ও তদন্ত কমিটির সদস্যসচিব ফেরদৌস জামান এবং ইউজিসির সদস্য আবুল হাশেম বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কমিটির সদস্যরা উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ মো. শাহজাহান আলীর সঙ্গে কথা বলেন। কাল বুধবার তদন্ত কমিটি আন্দোলনরত শিক্ষক সমিতি ও শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। এ ব্যাপারে মহাব্বত হোসেন বলেন, ‘উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। আগামীকাল আমরা শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে কথা বলার পর তদন্ত প্রতিবেদন পেশ করব।’ গত ৭ ও ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি প্রায় তিন মাস ধরে অচল হয়ে আছে। এই নিয়োগে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর ইউজিসি এই তদন্ত কমিটি গঠন করে।