পাঁচ দফা দাবিতে ছাত্রলীগের পদবঞ্চিত অংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে আবার অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার সকালে ধর্মঘট পালনের সময় কুষ্টিয়া ও ঝিনাইদহে শিক্ষক-শিক্ষার্থী বহনকারী কয়েকটি পরিবহনের চাবি ছিনিয়ে নেয় এবং গাড়ি ভাঙচুর করেন ধর্মঘটকারীরা। ধর্মঘট ও ভাঙচুরের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। লাঠিপেটায় কমপক্ষে ২০ জন আহত হন।ধর্মঘট কার্যকর করতে কুষ্টিয়ার বিত্তিপাড়া ও ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় রাস্তায় ছাত্রলীগের বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এতে বেশির ভাগ শিক্ষার্থী গতকাল ক্যাম্পাসে আসতে না পারায় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।পুলিশ, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদবঞ্চিত অংশের কয়েকজন নেতা-কর্মী ভোর ছয়টায় ক্যাম্পাসে অবস্থানরত ঝিনাইদহগামী তিনটি গাড়ির চাবি নিয়ে নেন। পরে বিকল্প চাবি দিয়ে গাড়ি তিনটি ঝিনাইদহ পৌঁছায়। শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজারে লুঙ্গি পরা সাত-আটজনের একটি দল ক্যাম্পাসগামী গাড়িগুলো আটক করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়ি ভাঙচুর করে। তাদের ছোড়া ইটের আঘাতে বাসের ভেতর কয়েকজন শিক্ষার্থী আহত হন।বেলা ১১টার দিকে গাড়িগুলো কুষ্টিয়া কাস্টমস মোড়ে আসে। সেখানে শিক্ষক ও প্রায় শতাধিক ছাত্র কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ওপর বসে পড়ে সড়ক অবরোধ করেন। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ সবাইকে রাস্তা থেকে সরে যেতে বললেও ছাত্ররা অনড় থাকেন। পুলিশ এ সময় লাঠিপেটা করে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক বাকী বিল্লাহ ও সাধারণ ছাত্রসহ কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় ছাত্রলীগের বিদ্রোহী অংশের কর্মীরা গ্যারেজে থাকা দুটি বাস ভাঙচুর করেন। এদিকে ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় নিয়মিত ক্লাস ও পরীক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেন।লাঠিপেটার সময় পুলিশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক প্রণব দাসসহ ১০ ছাত্রকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, পিটিআই রোডে কাস্টমস মোড়ে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের সামনে গিয়ে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা আন্দোলন চলছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের বাস বের করতে বাধা দেন। গাড়ি চললে ভাঙচুর করা হবে বলেও হুমকি দেন তাঁরা। বিষয়টি কুষ্টিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।পুলিশের লাঠিপেটায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের পুলিশ নির্বিচারে লাঠিপেটা করে। এ সময় তিনিসহ আরও কয়েকজন পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশের কয়েকজন সদস্য তাঁকে ও ছাত্রদের মারতে মারতে বাইরে নিয়ে আসে। তিনি শিক্ষক পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁকে মারধর করে।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সামসুজ্জামান তুহিন বলেন, প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে যারা এ ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিচার হওয়া উচিত।ছাত্রলীগের পদবঞ্চিত অংশের দাবিগুলোর মধ্যে রয়েছে: নবগঠিত কমিটি বাতিল, প্রক্টরের পদত্যাগ, আটক ছাত্রদের মুক্তি, ছাত্রলীগের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তিসহ তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং সম্প্রতি কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা ২০ জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহনুর আলম বলেন, দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।লাঠিপেটার ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্নকারীদের ওপর লাঠিপেটা করা হয়েছে। তবে এ সময় এক শিক্ষককে পুলিশ মেরেছে বলে জানতে পেরেছি। ভুল বোঝাবুঝির কারণেই এমনটি হয়েছে। এ জন্য আমরা অনুতপ্ত। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’৯ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মাহবুব-খসরু পক্ষের নেতা-কর্মীরা প্রক্টরের পদত্যাগ ও গ্রেপ্তার, ছাত্রলীগের নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৫৭টি গাড়ির চাবি কেড়ে নেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনের আশ্বাসে শর্ত সাপেক্ষে বিষয়টির সুরাহা হয়।