ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বহিরাগতদের প্রবেশের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। গত সোমবার ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে কটূক্তি করার জের ধরে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংঘর্ষের পরে সোমবার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে উপাচার্য এম আলাউদ্দিনের সভাপতিত্বে প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষদের নিয়ে বৈঠক হয়। এতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমঝোতা করে দেওয়া হয়। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার পরও গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বলেন, ‘বিক্ষোভ মিছিল নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ মিছিল করেছি।’ তবে যারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুক উপাচার্যের ডাকা বৈঠকে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে আমরা আজ থেকে ডাকা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে প্রক্টর মাহবুবুল আরফিন প্রথম আলোকে বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।