ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আজ বুধবার সকালে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে শামীম আহমেদ নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।আহত শামীমকে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মাহবুবুল আরফিনের পদত্যাগের দাবিতে আজ সকাল সাড়ে আটটায় শিক্ষার্থীরা বিভাগের সব কক্ষের তালা বন্ধ করে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে এলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামসুজ্জামান তুহিনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলন শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র শামীম গুরুতর আহত হন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিত্সা কেন্দ্রে পাঠানো হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দায়িত্ব পালনে অবহেলা, বিভাগের প্রতি উদাসীনতা এবং অদক্ষ শিক্ষক নিয়োগের ব্যাপারে একটি প্ল্যানিং কমিটি করার প্রতিবাদে সভাপতির পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা অতর্কিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভাগের সভাপতির পদত্যাগের আগে ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে এ হামলার প্রতিবাদে আজ দুপুর সোয়া ১২টার থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মধুপুর নামক স্থানে খুলনা- কুষ্টিয়া মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়াগামী গাড়িগুলো অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী এ ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছে, তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হবে। ঘটনার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মাহবুবুল আরফিন তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।