ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের গাড়িসহ বিশ্ববিদ্যালয়ের বাসে বহিরাগত কয়েক ব্যক্তি হামলা চালিয়েছে। এতে একজন শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শান্তিডাঙা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া যাওয়ার পথে শান্তিডাঙা এলাকায় উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারের গাড়ি এবং শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বহিরাগত সন্ত্রাসীরা ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়। এতে বাসের এবং সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন সহ-উপাচার্যের গাড়িতে থাকা বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শিদ এবং বাসে অবস্থানরত কর্মচারী পিয়ারুল ইসলাম, একরামুল ইসলাম, শাহীনা আক্তার, পিকুল আহমেদসহ আরও তিনজন কর্মচারী। তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহের চলমান পরিবহন ধর্মঘটের কারণে কোনো বাস না আসায় আজও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা হয়নি।