ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ মাস পর তাঁকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজবাড়ীর গোয়ালন্দে পাওয়া গেল। তিনি এখন কুষ্টিয়া সদর থানার বংশীতলা গ্রামে নিজ বাড়িতে সুস্থ রয়েছেন। এদিকে জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার দুই মাস সাত দিন পর গতকাল বুধবার ভোরে বাড়িতে ফিরেছেন। তাঁকে প্রশাসনের লোকজন পরিচয়ে অপহরণ করার অভিযোগ তুলে জেলা জামায়াত হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে। সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘২২ জানুয়ারি রাত সাড়ে নয়টার পর আমি বিআরটিসি বাস থেকে ফার্মগেটে নামার পর পেছন থেকে কয়েকজন আমার চোখমুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর আমার আর জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর হাত-পা এবং চোখ বাঁধা থাকায় বুঝতে পারিনি কোথায় আছি; তবে মনে হচ্ছিল, কোনো কক্ষে রাখা রয়েছে আমাকে।’ এরপর তিনি আর কোনো কথা বলতে পারেননি। পরে তাঁর বড় ভাই সাদ আহমেদ জানান, ‘সাইফুল একটু অসুস্থ। সে বেশি কথা বলতে পারছে না। তবে সে জানিয়েছে, তাকে আটকে রাখা হয়েছিল। শুধু খাবার দেওয়ার সময় হাত আর চোখের বাঁধন কোনো রকম খুলে দেওয়া হতো। কাউকে চিনতে পারেনি।’ তিনি বলেন, ‘সাইফুল মঙ্গলবার হঠাৎ বুঝতে পারে তাকে কোনো গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। অনেক দূর এসে থামার পর গাড়িতে কেউ নেই বুঝতে পেরে সে সেখান থেকে পালিয়ে আসে। এরপর মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে একজন মাইক্রোবাসচালক ফোন করলে সেখানে গিয়ে ওই ব্যক্তির গাড়িতে করেই সাইফুলকে বাড়িতে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, আপাতত তার কোনো সমস্যা নেই।’মাইক্রোবাসচালক খুব্বত শেখ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত দুইটা ১০ মিনিটে কুষ্টিয়া থেকে ফেরার পথে গোয়ালন্দ ঘাটের রাস্তায় সাইফুলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাঁকে একটু সুস্থ করে বাড়ির মুঠোফোনে যোগাযোগ করি।’কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন জানান, ‘ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল, অসুস্থ থাকার কারণে আমরা তাঁকে আপাতত কোনো জিজ্ঞাসাবাদ করিনি। শেরেবাংলা থানায় একটি ডায়েরি হয়েছে। ওই থানা বিষয়টি দেখছে।’বিশ্ববিদ্যালয় ও পরিবারের কাছ থেকে জানা যায়, ২১ জানুয়ারি রাতে সাংগঠনিক কাজে সাইফুল ইসলাম ক্যাম্পাস থেকে ঢাকায় যান। এ সময় তাঁর সঙ্গে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ছিলেন। গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হলে পরবর্তী করণীয় পরামর্শ করতে ঢাকায় যান তাঁরা। তিনি সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। ২২ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ফার্মগেট হয়ে কাজীপাড়ার দিকে রওনা হওয়ার পর থেকে সাইফুলের ব্যক্তিগত মুঠোফোন ফোন বন্ধ পাওয়া যায়।নিখোঁজ জামায়াত নেতা বাড়ি ফিরেছেন: নিখোঁজ হওয়ার দুই মাস সাত দিন পর জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মীরকাদিম গ্রামে নিজ বাড়িতে ফিরে এসেছেন। জয়পুরহাট জেলা শহরের সাহেবপাড়ার ভাড়া বাসা থেকে চলতি বছরের ১১ এপ্রিল গভীর রাতে অপহরণ করা হয় বলে তাঁর স্ত্রী সালমা সুলতানা দাবি করেন।জয়পুরহাট থানার পুলিশ ও নজরুল ইসলামের পরিবার জানায়, গতকাল বুধবার ভোরে তিনি মীরকাদিম গ্রামে নিজ বাড়িতে এসে পৌঁছেন। তাঁর ছোট ভাই মো. মাসুম হোসেন জানান, তাঁর ভাই গতকাল ভোরে বাসায় ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে কীভাবে কোথা থেকে ফিরলেন, এ বিষয়ে ভাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়নি। পুলিশ সুপার হামিদুল আলম জানান, নজরুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদকে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্রের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নজরুল ইসলাম গ্রামের বাড়িতে এলেও পুলিশ বাড়িতে গিয়ে তাঁকে পাননি।নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার পর ১২ এপ্রিল তাঁর স্ত্রী জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের জানান, প্রশাসনের লোকজন তাঁর স্বামীকে অপহরণ করে নিয়ে গেছেন। নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার পর জেলা জামায়াত জয়পুরহাটে বিভিন্ন সময়ে তিন দিন হরতাল ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করে। জয়পুরহাট শহর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবদুল মোমিন ফকির বলেন, নজরুল ইসলাম তাঁর গ্রামের বাড়িতে ফিরে এসেছেন।