ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তার স্বার্থে কাল বৃহস্পতিবার বেলা দুইটার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।আজ বুধবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিলের কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়েছে, কাল বেলা দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ হয়ে খুলবে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায়।এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করেছেন বলেও জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি মো. সেলিম বলেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে ডাইনিং ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ২৭ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আবারও সংঘর্ষের আশঙ্কায় ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হল ত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে।