ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ইসলামী ব্যাংকগুলোকে মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়নের বিষয়ে এবং ইসলামী ব্যাংকিং খাতের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হতে সতর্ক করে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা তথা ইসলামিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা ও উন্নয়নের যে উদ্যোগ সম্প্রতি নেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে সেটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।‘ইসলামী ব্যাংকিং’-বিষয়ক এক আলোচনা সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজ এই আশা প্রকাশ করেন বলে সূত্র জানায়। ডেপুটি গভর্নর নজরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) মহাসচিব জসীম আহমেদ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন।গভর্নর ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের মহাসচিব নির্বাচিত হওয়ায় জসীম আহমেদকে অভিনন্দন জানান। তিনি বলেন, একজন বাংলাদেশি নাগরিকের আইএফএসবির মহাসচিব পদে দায়িত্বপালনের বিষয়টি বাংলাদেশ ও বাংলাদেশ ব্যাংকের জন্য গর্বের বিষয়। আইএফএসবির মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশ ব্যাংকের মনোনীত প্রার্থী ছিলেন জসীম আহমেদ।মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এই সংস্থাটি ২০০৩ সালে গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে শরিয়াহভিত্তিক মানদণ্ড প্রণয়ন করেছে আইএফএসবি। মানদণ্ড প্রণয়নই শুধু নয়, পাশাপাশি ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও সিকিউরিটিজ মার্কেট (শেয়ার ও ঋণবাজার) প্রসারের লক্ষ্যেও আইএফএসবি নানা পদক্ষেপ ও প্রচেষ্টা নিয়েছে।