বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক এক বিশেষ পরিদর্শন চালিয়ে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালনা, অর্থায়ন ও এর কার্যক্রমে অস্বচ্ছতার প্রমাণ পায়। পরে ৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশনকে আর কোনো অর্থ বরাদ্দ না দিতে ইসলামী ব্যাংককে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও বিশেষ কর্মসূচি বিভাগের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামানকে গতকাল রোববার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।সূত্রগুলো বলছে, গত সপ্তাহে নির্দেশ দেওয়ার পর যাতে ফাউন্ডেশনে ব্যাংক অর্থায়ন অব্যাহত রাখতে না পারে, সে জন্য ইসলামী ব্যাংকের পর্ষদে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সাধারণভাবে বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে দুর্বল ব্যাংক অর্থাৎ প্রবলেম ব্যাংক বা আগাম সতর্কব্যবস্থার আওতায় (ইডাব্লিউএস) থাকা ব্যাংকগুলোর পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে থাকে। কিন্তু এ দফায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(অ) ধারায় পর্ষদের কার্যধারা পর্যবেক্ষণের জন্য ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এদিকে, বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক ও তাদের ফাউন্ডেশনে ব্যাপকভিত্তিক পরিদর্শনের জন্য বিশেষ পরিদর্শক দল গঠন করেছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ এবং বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এই উচ্চক্ষমতাসম্পন্ন পরিদর্শন দল গঠন করা হয়েছে। এর দলনেতা করা হয়েছে ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক শফিকুল ইসলামকে। জানা গেছে, পরিদর্শক দল এ পর্যন্ত ফাউন্ডেশনকে ইসলামী ব্যাংক কী পরিমাণ অর্থ দিয়েছে এবং সেই অর্থ কোথায়, কীভাবে ব্যয় হয়েছে তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শনে দেখা গেছে, সিএসআর বা সামাজিক কল্যাণ ব্যয়ের তহবিল থেকে ক্ষুদ্রঋণ বিতরণ করে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এ বিষয়ে ক্ষুদ্রঋণ তদারকি সংস্থা এমআরএ ফাউন্ডেশনকে অনুমোদন না দিলেও ঋণ কার্যক্রম পরিচালনা করেছে তারা। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ব্যাংক ২০০৮ সালে ২৮ কোটি এক লাখ টাকা এবং ২০০৯ সালে এক কোটি ৪৪ লাখ টাকা দিয়েছে ফাউন্ডেশনকে। বাংলাদেশ ব্যাংক এসব অর্থ খরচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে সামাজিক কল্যাণমূলক কাজের কথা উল্লেখ থাকলেও তহবিলের আর্থিক বিবরণী নেই। কিন্তু ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার জন্য বিস্তারিত আর্থিক প্রতিবেদনের প্রয়োজনীতা রয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ যাহের প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমি এখনো কোনো চিঠির কথা জানি না। তবে আপনার কাছে আমাদের ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের তথ্য শুনে আমি বিস্মিত হচ্ছি।’প্রতিবাদ: এদিকে কয়েকটি দৈনিকসহ প্রথম আলোতে গত ৯ নভেম্বর প্রকাশিত ‘অস্বচ্ছ ব্যয়ের অভিযোগ, ফাউন্ডেশনকে কোনো অর্থ না দিতে ইসলামী ব্যাংককে নির্দেশ’ শীর্ষক সংবাদ সম্পর্কে বক্তব্য দিয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলেছে, সংবাদটি বিভ্রান্তিমূলক। তারা সোসাইটি অ্যাক্টের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত। এটি ব্যাংকিং আইনে নিবন্ধিত নয়। ফাউন্ডেশন যেসব কাজ করছে তার কিছুই আইনবিরোধী নয়। তাদের হিসাব প্রতি বছর অডিট করা হয় এবং হিসাব সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি তথ্যভিত্তিক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গত ৮ নভেম্বর দেওয়া চিঠি এবং গতকাল পরিচালনা পর্ষদে কেন্দ্রীয় ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগই তার প্রমাণ। এ ছাড়া সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ যাহেরের বক্তব্যও প্রতিবেদনে যুক্ত ছিল।