ইসলামে চরমপন্থার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের মসজিদগুলোকে প্রার্থনা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। তিনি বলেন, ইসলামে চরমপন্থার কোনো স্থান নেই। একটি স্বার্থান্বেষী মহল ইসলামের ভুল ব্যাখ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, এর আগেরবারের (১৯৯৬-২০০১) আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও মসজিদভিত্তিক বিভিন্ন কর্মসূচি ব্যাপকভাবে বাস্তবায়ন করে চলেছে। এসব কর্মসূচি ভবিষ্যতে সারা দেশে আরও বিস্তৃত করা হবে। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনির্মিত মিনার, নারীদের নামাজের বর্ধিত কক্ষ ও অন্যান্য স্থাপনা উদ্বোধনকালে এ কথা বলেন। দেশের প্রায় তিন লাখ মসজিদের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনেরা জনগণ ও সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারেন। মসজিদ-অবকাঠামো ব্যবহার করে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের জন্য ইতিমধ্যে ৬৪৩ কোটি ৫৫ লাখ টাকা অনুমোদন করেছে। শেখ হাসিনা আরও বলেন, এসব প্রকল্পের আওতায় ৩৮ হাজার ইমাম ও ওলামার কর্মসংস্থান এবং লাখ লাখ শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে। বায়তুল মোকাররম মসজিদের সংস্কারে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে ইসলামি শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ ও জ্ঞান প্রসারের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ বায়তুল মোকাররম সোসাইটি ও ইসলামিক একাডেমির সমন্বয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন-বৈশিষ্ট্য তুলে ধরার লক্ষ্যে বঙ্গবন্ধু প্রথম ঈদে মিলাদুন্নবী উদ্যাপনের পদক্ষেপ গ্রহণ এবং ঈদে মিলাদুন্নবী, শবে কদর ও শবে বরাতে সরকারি ছুটি ঘোষণা করেন। ইসলামকে শান্তি ও সম্প্রীতির ধর্ম হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, এখানে গোলযোগ, নৈরাজ্য, শত্রুতা ও চরমপন্থার কোনো স্থান নেই। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের অপকর্মের মাধ্যমে এটা চিহ্নিত করতে চাইছে যে ইসলাম উগ্রপন্থাকে সমর্থন করে; যা বিশ্ব-সম্প্রদায়ের কাছে মূলত ইসলামের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করছে। প্রধানমন্ত্রী আলেম ও মুসলিমদের প্রতি যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে নিরীহ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। সৌদি সরকারের আর্থিক সহায়তায় বায়তুল মোকাররম মসজিদের সংস্কার ও সম্প্রসারণকাজ সম্পন্ন করা হয়। এতে ব্যয় হয়েছে ২৭ কোটি টাকারও বেশি।এ প্রকল্পের আওতায় মসজিদের দক্ষিণ প্লাজায় ১৭০ ফুট উঁচু মিনার ও নামাজের নতুন স্থান নির্মাণ করা হয়েছে। নতুন স্থানে একযোগে ২০ হাজারেরও বেশি মুসলমান এবং গ্রাউন্ড ফ্লোরে পাঁচ হাজার ৬০০-রও বেশি নারী নামাজ আদায় করতে পারবেন। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি সরকারের অর্থ উপমন্ত্রী মুহাম্মদ বিন সালেহ আল গিফাইলি। অনুষ্ঠানে ইসলামি পণ্ডিত, ধর্মীয় নেতা, সৌদি দূতাবাসের কর্মকর্তা, মুসল্লি ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।