ইসলামে জঙ্গি কর্মকাণ্ডের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী
ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে কেউ যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ পাওয়া ইমামদের জাতীয় সম্মেলনে ভাষণকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ আপনাদের কাছে ইসলামের সার্বিক ব্যাখ্যা জানতে চায়। এ জন্য ইসলামের অপব্যাখ্যাকারী ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে।’ইসলামকে শান্তি ও সম্প্রীতির ধর্ম হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের কোনো স্থান নেই। ইসলাম কোনো ধরনের জঙ্গিবাদ, মানুষ হত্যা ও আত্মহত্যা অনুমোদন করে না। এসব কর্মকাণ্ড ইসলাম ধর্মে পাপ হিসেবে বিবেচিত। তিনি শিশুদের এ শিক্ষা দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, জঙ্গিদের কোনো পরিচয় নেই, কোনো ধর্ম নেই। সন্ত্রাসীরা বিশ্বের যেখানেই থাকুক, তারা সন্ত্রাসী। তারা মানবজাতির শত্রু।১৯৭১ সালে আমাদের বিজয় যারা মেনে নিতে পারেনি, তাদের মুখোশ উন্মোচন এবং মানবতাবিরোধী অপরাধকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী দেশে ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসারে তাঁর সরকারের ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের জন্য জমি বরাদ্দ, ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন, হজ ক্যাম্প স্থাপন, ১০০ মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা কোর্স চালু, মাদ্রাসা শিক্ষা সময়োপযোগী করা, জাতীয় হজনীতি ঘোষণা এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের কথা উল্লে¬খ করেন।সম্মেলনে সারা দেশের আড়াই হাজার ইমাম অংশ নেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। বাসস।