ইসলামের নামে কেউ যেন অশান্তি না করতে পারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতার ধর্ম। এই পবিত্র ধর্মের নামে কোনো মহল যাতে সমাজে কোনো রকম অশান্তির সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে ওলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ-ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন ও অন্যান্য গ্রন্থ বিতরণকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা কখনো সহ্য করব না।’ তিনি বলেন, ‘বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। পরমত সহিষ্ণুতা ও সম্প্রীতির অটুট বন্ধনই হচ্ছে এ দেশের চিরায়ত সাংস্কৃতিক অলংকার। যেকোনো মূল্যে আমাদের এ ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, একটি নৈতিক মানসম্পন্ন সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষের অন্তর্লোক আলোকিত হলেই সমাজ আলোকিত হবে। বাসস।