ইসলামের নামে বোমাবাজি বন্ধ করেছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় মুসলমানেরা জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষাচর্চার মধ্য দিয়ে বিশ্বকে শাসন করেছিল। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমান তাদের স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করেও অভিন্ন মোহনায় মিলিত হতে পারে।আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ঢাকা: ক্যাপিটাল অব ইসলামিক কালচার ফর এশিয়ান রিজিয়ন’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইসলামে সন্ত্রাসবাদ ও ধ্বংসাত্মক কার্যকলাপের কোনো স্থান নেই। আমরা তাই শান্তির ধর্ম ইসলামের নামে বোমাবাজি ও সন্ত্রাসী তত্পরতা কঠোর হাতে দমন করেছি।’ খবর বাসসের। শেখ হাসিনা সব ধরনের অপকর্মের প্রতি সোচ্চার এবং একযোগে কাজ করতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামিক কালচার ফর এশিয়ান রিজিয়ন ২০০৫ সাল থেকে ইসলামি সংস্কৃতির রাজধানী উদ্যাপন কর্মসূচির আয়োজন করছে। প্রধানমন্ত্রী বলেন, এখানকার ধর্মপ্রাণ মুসলমান জনগোষ্ঠীর উদ্যোগে পাড়ায়-মহল্লায় গড়ে উঠেছে অসংখ্য সুদৃশ্য মসজিদ। এসব মসজিদ শুধু আরাধনার স্থান হিসেবে নয়, সাংস্কৃতিক প্রতীক হিসেবেও বিশেষ তাত্পর্য বহন করে।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাপরিচালক আবদুল আজিজ ওথমান আলতওয়াইজরি সম্মানিত অতিথি হিসেবে ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।