ইসি এখন নিজেকে যথেষ্ট ক্ষমতাধর মনে করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব নেওয়ার পর নিজেদের যথেষ্ট ক্ষমতাধর মনে করলেও সেই অবস্থান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। নয় মাসের মাথায় এসে কমিশন নিজেকে ক্ষমতাহীন ভাবছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা এখন মনে করছেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে কমিশনের ক্ষমতা বাড়াতে হবে। আর তা করতে হবে নির্বাচনের সময় সরকারের সব মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে।কমিশন সচিবালয় সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব করার চিন্তাভাবনা কমিশনের আছে। এর মধ্যে নির্বাচনী ব্যয়সীমা ও প্রার্থীর জামানত বাড়ানো, নির্বাচনী অপরাধের শাস্তি, স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ সহজ করাসহ আরও বেশ কিছু বিষয়ে সংশোধনী প্রস্তাব আনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সিইসি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করে জানুয়ারিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, সব মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে নিতে যাওয়াটা বেশি হয়ে যাবে। নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার, অর্থ, প্রতিরক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কমিশনের হাতে থাকলেই যথেষ্ট।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নিয়ন্ত্রণ রাখার যুক্তি তুলে ধরে এম সাখাওয়াত বলেন, সাংবিধানিক ক্ষমতাবলে কমিশন নির্বাচনের সময় সশস্ত্র বাহিনী চাইলেও সরকার তার স্বার্থের বাইরে গিয়ে তা দেবে না। অতীতে এমন বেশ কয়েকবার হয়েছে। সে জন্য নির্বাচনের সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর কমিশনের কর্তৃত্ব থাকার দরকার আছে।সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন গত ফেব্রুয়ারিতে মেয়াদ শেষে আগে সরকারের কাছে আরপিও সংশোধনের বেশ কিছু প্রস্তাব করেছিল। তাতে আরপিওর ৪৪ই ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছিল, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে সরকার নির্বাচন-সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের সঙ্গে পরামর্শ করবে। প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য কমিশন এ প্রস্তাব করেছিল।কিন্তু মার্চে আইন মন্ত্রণালয় নতুন কমিশনের মতামত নেওয়ার জন্য এসব প্রস্তাব কমিশনে ফেরত পাঠায়। মে থেকে কমিশন আরপিও পর্যালোচনার কাজ শুরু করে। এ সময় তারা আগে কমিশনের বেশ কিছু সংস্কার প্রস্তাবের সমালোচনা করে।২১ জুন সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, ‘নির্বাচনের সময় সরকারের ওপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব বাড়ানোর প্রয়োজন নেই। সংবিধানে নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। সরকার আন্তরিক থাকলে দলীয় বা নির্দলীয় যে ধরনের সরকারই ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। চারটি মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব বাড়াতে গেলে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তা পালন করতে পারব না।’তবে সিইসি ও তাঁর চার কমিশনার বর্তমানে সেই অবস্থানে নেই। তাঁরা এখন সব মন্ত্রণালয়ের কর্তৃত্ব চান। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, শুধু চারটি নয়, কম-বেশি সরকারের সব মন্ত্রণালয়ের কর্মকর্তারাই নির্বাচনী দায়িত্ব পালন করেন। এ সময় পদোন্নতি, বদলিসহ তাদের যেকোনো সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে জন্য কমিশন চায়, নির্বাচনের সময় মন্ত্রণালয় যে সিদ্ধান্তই নিক না কেন, তা কমিশনের সঙ্গে পরামর্শ করে করতে হবে। শাহনেওয়াজ জানান, এ জন্য কমিশন আরপিও সংশোধনের প্রস্তাব করবে। সিইসি দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত খসড়া তৈরি করে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।