ইসি কাউকে কোনো ছাড় দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে দাবি করে বলেন, নির্বাচন কমিশন (ইসি) কাউকে কোনো ছাড় দেয়নি। নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতির হার কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, উত্সবমুখর পরিবেশে ভোট হলেও ভোটের দিন বেলা ১১টা থেকে মুষলধারে বৃষ্টির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হয়েছে। আজ সোমবার দুপুরে বগুড়া সার্কিট হাউসে জেলা নির্বাচন কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন। ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে তিনি বগুড়ায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। সিইসি বলেন, ‘দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। আগামী জানুয়ারির মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ ও সঠিক ভোটার তালিকা তৈরি করতে পারব বলে আশা করছি। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কাজও এগিয়ে চলছে। একটি সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে আমরা আগামী সংসদ ও উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দিন আরও বলেন, ‘বিগত দিনে জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা বিন্যাস হওয়ায় অনেক এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলন করছে। তারা সীমানা পুনর্বিন্যাসের দাবি জানাচ্ছে। আমরা সব দিক বিবেচনা করে ভোটার তালিকা হালনাগাদ শেষে আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ করব। এর মধ্য দিয়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রধান কাজগুলো শেষ হবে। অন্যান্য কাজও চলছে।’ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন আক্তার, বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রাজশাহী) মনিরুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বগুড়া জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।