ইসি গঠনে ৪০ বছরেও আইন করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ হবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করতে পারেন না। আবার কারও কারও মত, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নিতেই পারেন।তবে আইনবিশারদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের নির্দেশনা মানলে এই বিরোধের অবসান ঘটবে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা আছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়ন করতে হবে। কিন্তু গত ৪০ বছরে কোনো সরকারই এই আইনটি করেনি। এত দিনেও আইনটি না করার কী কারণ থাকতে পারে, এর জবাবে বিশেষজ্ঞদের সবাই বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দলগুলো আইনটি করতে চায় না। তারা নির্বাচন কমিশনে পছন্দের লোক বসাতে চায়।সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, শুধু প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি তাঁর অন্য সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিয়েছেন কি না, তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। যোগাযোগ করা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির একক ক্ষমতা নেই। সব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ইসি গঠনে আইন প্রণয়নের প্রতিশ্রুতি ছিল। এটা করলে সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা সেটা না করে সংলাপের আয়োজন করেছে। এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই।প্রবীণ আইনজীবী রফিক-উল হকও আইন প্রণয়নের কথা বলেছেন। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের তালিকা নিয়ে যদি কমিশন গঠন করা যায়, সেটাও ভালো। তবে অবশ্যই এই সংলাপের মাধ্যমে কমিশন গঠনসংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে। দলগুলো সহজে এ আইন করবে না।ইসি এর আগে দুই দফায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন প্রণয়নের জন্য সরকারকে তাগিদ দেয়। ইসি আইনের খসড়াও তৈরি করে দেয়। প্রথম প্রস্তাবটি পাঠানো হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে ২০০৮ সালে। সর্বশেষ প্রস্তাব পাঠানো হয় বর্তমান সরকারের শুরুর দিকে ২০০৯ সালে। গত বছরের শেষের দিকে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও এ আইন করার জন্য আইন কমিশনকে তাগিদ দেয়। কিন্তু আইন মন্ত্রণালয় বা আইন কমিশন কোনো উদ্যোগ নেয়নি।সবশেষে নির্বাচন কমিশন এ বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আরও একটি প্রস্তাব তৈরি করে। এই প্রস্তাবে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব। এ বিষয়টি জানানোর জন্য আমার দল ও আমি রাষ্ট্রপতির সংলাপে যাব। এ বিষয়ে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। রাষ্ট্রপতিকে সেটা বিবেচনায় নিতেই হবে।’বিচারপতি গোলাম রাব্বানী বলেন, রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। সংলাপ সফল হলে ভালো। অন্যথায় রাজনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।১৯৯০, ১৯৯৬ ও ২০০৭ সালের নির্বাচন কমিশন গঠন হয়েছে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর আগে-পরে ক্ষমতাসীন দলগুলো দলীয় বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছে। সর্বশেষ বিএনপি সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম এ আজিজের নিয়োগকে কেন্দ্র দেশে রাজনৈতিক সংকট শুরু হয়।সংলাপের আগে নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত আইন করার প্রয়োজনীয়তার কথা বলেন নির্বাচন কমিশনের আইনজীবী শাহ্দীন মালিক। তাঁর মতে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যহীনতার কারণেই সংলাপ ব্যর্থ হবে। কারণ, আইন না থাকায় রাষ্ট্রপতির সংলাপের আলোচ্যসূচি কী, তা স্পষ্ট নয়। কমিশন কী পদ্ধতিতে গঠন হবে, তা আলোচনা না করে নামের তালিকা নিয়ে আলোচনা হলে সংলাপ সফল হবে না। আর সফল না হলেই এ নিয়ে দেশে নতুন করে রাজনৈতিক হানাহানি শুরু হবে। দলগুলো কেন এ আইনটি করেনি, এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘গণতন্ত্র বিভিন্ন পর্যায়ে হোঁচট খাওয়ার কারণে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সে জন্যই দলগুলো বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগসংক্রান্ত আইনগুলো করেনি। এখন রাষ্ট্রপতি একটি উদ্যোগ নিয়েছেন। আইনটি করলে আমরা খুশি হব। কিন্তু সে রকম কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। শেষ পর্যন্ত তাঁরা নিজেদের মতোই কমিশন করবে। সংলাপ অযথাই।’বর্তমান সরকারের আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত আইন প্রণয়নের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। রাষ্ট্রপতির সংলাপ থেকে সে রকম কোনো সিদ্ধান্ত এলে ভালো হবে। তিনি বলেন, ‘অতীতে কোনো সরকার এটা করেনি। কেন করেনি, আমি জানি না।’