ইসি গঠিত হয়েছে অসাংবিধানিকভাবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, এবারের মতো অতীতে কখনোই এত অসাংবিধানিকভাবে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়নি। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ দাবি করেন। গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন, এবারের মতো উদারভাবে আর কোনো নির্বাচন কমিশন গঠিত হয়নি। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে মওদুদ আহমদ পাল্টা বক্তব্য দেন।সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান সরকার সংবিধান ও বিচার বিভাগে বিশ্বাস করে না। তারা সংবিধান লঙ্ঘন করে অবৈধ ও অসাংবিধানিকভাবে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছে।নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি সরকারকে ‘অবশ্যই’ মানতে হবে উল্লেখ করে মওদুদ বলেন, নির্দলীয় সরকার গঠন হলেই কেবল প্রশাসন নির্দলীয় হবে। বর্তমানে যে প্রশাসন রয়েছে, তা একটি দলীয় সরকারের প্রশাসন। এর অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।‘নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ও নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যত্’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বদেশ জাগরণ পরিষদ। আয়োজক সংগঠনের সভাপতি কামারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।