ইসি দুই জোটের সংলাপের দিকে তাকিয়ে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন দুই রাজনৈতিক জোটের সংলাপের দিকে তাকিয়ে আছে। আশা করা যায়, গ্রহণযোগ্য আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হবে।’ আজ সোমবার নওগাঁ-৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করতে তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সঙ্গে আলোচনা করবেন। ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই আলোচনা হবে। এদিকে, আজ নির্বাচন কমিশন নওগাঁ-৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৫ মে শনিবার নির্বাচনের ভোট নেওয়া হবে। এ ছাড়া, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ এপ্রিল বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই হবে ২৮ এপ্রিল রোববার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে সোমবার।সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ আবদুল জলিলের মৃত্যুতে গত ৬ মার্চ আসনটি শূন্য ঘোষিত হয়। কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনে ভোটারসংখ্যা দুই লাখ ৭৪ হাজার ২১৭। এর মধ্যে নারী এক লাখ ৪৩ হাজার ২১৩ এবং পুরুষ ভোটার এক লাখ ৩১ হাজার চারজন।