ইসি নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হবে। আজ রোববার বিকেলে দপ্তর ত্যাগের আগে তিনি প্রথম আলোকে এ কথা বলেন।সিইসি বলেন, ‘প্রস্তাব চূড়ান্ত। প্রধানমন্ত্রীর কাছে কমিশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সময় পাওয়া গেলে আমরা গিয়ে প্রস্তাব জমা দিয়ে আসব।’এর আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বলা হয়েছিল, আইন সংস্কারের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। কিন্তু সম্প্রতি কমিশন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে তৈরি করা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ আইন ১৯৭৬-এর সংশোধন। কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে এই প্রস্তাব চূড়ান্ত করেছে। তবে বিএনপি-জামায়াত জোট কমিশনের এই সংলাপ বর্জন করেছে। আওয়ামী লীগ সংলাপে অংশ নিলেও কোনো মতামত দেয়নি। তারা বলেছিল, আরেক দফা সংলাপে বসে মতামত দেবে। কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয় দফা সংলাপে যায়নি এবং কোনো মতামতও দেয়নি।