ইসি পুনর্গঠনের প্রস্তাব বিকল্পধারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। এ দলের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে এবং সেই সরকারের অধীনে কমিশন পুনর্গঠন করে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছে। নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ-সম্পর্কিত নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বিকল্পধারা এ প্রস্তাব দিয়েছে। এ দলের প্রতিনিধিরা তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহালের ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছে। এ ছাড়া দলটি সংসদীয় আসনের বিদ্যমান সীমানা বাতিল করে ২০০৮ সালের আগের সীমানা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে। বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি আজ বিকেলে ইসির সংলাপে অংশ নেয়। সংলাপে আবদুল মান্নান বলেন, দলীয় সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কমিশনের উদ্দেশে আবদুল মান্নান বলেন, ‘২০০৭ সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে কমিশন গঠন হয়েছে। এবারও তত্ত্বাবধায়কব্যবস্থা আসবে এবং সেই ব্যবস্থার অধীনে কমিশন গঠন হবে। সেই কমিশনে যদি সরকার অপনাদের রাখে, তাতে আমরা আপত্তি করব না। কাজেই তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল করার জন্য সরকারকে বলুন। নইলে তত্ত্বাবধায়কব্যবস্থার দাবিতে বিপ্লব হবে।’ বিকল্পধারার এই প্রস্তাবের জবাবে কমিশনার জাবেদ আলী বলেন, ‘আগামীতে যদি তত্ত্বাবধায়ক সরকার এসে কমিশন পুনর্গঠন করে আমাদের রাখেন, তাতে আপনাদের আপত্তি থাকবে না—আপনাদের এই মেহেরবানির জন্য আমরা পুলকিত।’এর আগে সকালে বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট নুরুল হক মজুমদারের নেতৃত্বে দলটির সাত সদস্যের প্রতিনিধি কমিশনের সংলাপে অংশ নেয়। এই দলটিও বিদ্যমান ২০০৮ সালের সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছে।সংলাপে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ অংশ নেন।