ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে আমরা সেখানে সেনা মোতায়নের কথা বলেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেখানে সেনা মোতায়ন করেনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এখন বলছেন, স্বয়ং আল্লাহ নেমে এলেও সেখানে শান্তি ফেরানো সম্ভব না। তাদের এ অসামঞ্জস্য ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে মনে হচ্ছে, তারা সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে।’‘ভোলার লালমোহনে আওয়ামী সন্ত্রাসীদের রাজত্ব চলছে’—এমন অভিযোগ করে রিজভী বলেন, লালমোহনের বিভিন্ন ইউনিয়নে বিএনপি সমর্থক ও ভোটারদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। তিনি দাবি করেন, নির্বাচনী এলাকায় রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হলে বিএনপির প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।