ইসিকে আস্থা অর্জনের পরামর্শ
নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় দেশের গণমাধ্যমের প্রতিনিধিরা বলেছেন, এই কমিশনের ভাবমূর্তি ভালো নয়। বিতর্কিত ভাবমূর্তি নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই কমিশনকে জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। বিভিন্ন নির্বাচনের লক্ষ্যে ইসির কর্মপরিকল্পনার বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তাঁরা কামশনকে এ পরামর্শ দেন। আজ বুধবার নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অভিন্ন সুরে নির্বাচন কমিশনের ভাবমূর্তি বৃদ্ধি এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন। গণমাধ্যম প্রতিনিধিদের এই পরামর্শের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘আপনারা যেসব পরামর্শ দিলেন, তা আমরা বিবেচনা করব। আপনাদের পরামর্শ আমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।’ দশম জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা ইসির নেই বলে আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সিইসি বলেন, খবরটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের সময় অবস্থা দেখে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব, যাতে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে।’ সিইসি জানান, সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি। কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবাইকে খুশি করতে পারব না। কেউ না কেউ মনঃক্ষুণ্ন হবে। কিন্তু আমরা সব কাজ আইন অনুসারে করব।’এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণ ও প্রকাশ এবং আগস্টের মধ্যে ভোটার তালিকা নির্বাচনে ব্যবহারোপযোগী করার সময়সীমা নির্ধারণ করেছে ইসি। সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান ও আইনের বিধান অনুসারে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে। এ কারণে গত ১৩ সেপ্টেম্বর নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করে ইসি। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, আইন অনুসারে প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সময়কালের মধ্যে বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদের বিধান রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ বছরের ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ লাখ ৩৯ হাজার ৫৬ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে কাটা হয়েছে। দুই লাখ ৫১ হাজার ৮৮০ জন ভোটারকে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে প্রায় ৪৭ লাখ ৫৯ হাজার ভোটার। ৭০ লাখ ভোটার নিবন্ধনের পরিকল্পনা আছে কমিশনের।সিইসি বলেন, ঢাকায় এখনো যাঁদের নাম যুক্ত হয়নি, তাঁদের ভোটার করতে আরও কয়েক দিন সময় বাড়াবে নির্বাচন কমিশন। তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবন্ধনকেন্দ্রে গেলেই ভোটার করা হবে।কমিশনের সম্মেলনকক্ষে বেলা ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, ‘মানবজমিন’-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এটিএন বাংলার বার্তাপ্রধান জ ই মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা তাঁদের মতামত দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক।