ইসিকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ বিএনপির
রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। এ জন্য নির্বাচন কমিশনকে (ইসি) শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে অনুরোধ জানিয়েছেন তাঁরা। তাঁরা অভিযোগ করেছেন, সরকারি দল প্রশাসনকে প্রভাবিত করে পক্ষপাতমূলক নির্বাচনের চেষ্টা চালাচ্ছে।আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ করেছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, ‘ভোটের আগে আগে বরিশালে একজন প্রার্থীর ওপর প্রশাসন থেকে যেভাবে আক্রমণ হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে পক্ষপাতমূলক নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। এ জন্য ইসিকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি আমরা। ভোটের এক দিন আগে থেকেই কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনুরোধ জানানো হয়েছে।’ মঈন খান জানান, তিনি সিইসির কাছে চার সিটিতে আচরণবিধি লঙ্ঘন করে সরকারের মন্ত্রী ও সাংসদদের উপস্থিতি এবং বিএনপি-সমর্থিত প্রার্থীদের ওপর হামলার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, চার সিটির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশের মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। প্রয়োজন হলে সেনাবাহিনীসহ যা যা প্রয়োজন, তা ইসিকে দিতে হবে। তবেই ইসি স্বাধীনভাবে কাজ করতে পারবে। বিএনপির প্রতিনিধিদলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ সুজাউদ্দিন, সাবেক সচিব আবদুল হালিম ও ইসমাইল জবিউল্লাহ ছিলেন।