ইসিকে শক্তিশালী করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি রাখার কোনো সুযোগ নেই। সংসদীয় সরকার-পদ্ধতিতে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আগামী নির্বাচন হবে।ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পদ্ধতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করা হবে। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করা হবে। স্বচ্ছ ব্যালট বাক্স প্রবর্তন করা হবে। ছবিসহ ভোটার তালিকা ও আইডি কার্ড চালু করা হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারলে জনগণ যাদের ভোট দেবে, তারাই ক্ষমতায় আসবে।গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশের সম্মেলন, জেনেভায় বিশ্ব আবহাওয়া কংগ্রেস এবং বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন তিনি। এসব বিষয়ে অবহিত করতেই প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তবে বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবিসহ তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কেও খোলামেলা বক্তব্য দেন তিনি।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি আমি বাতিল করিনি। আদালত বাতিল করেছেন। আদালতের রায়কে অস্বীকার করা কখনো সম্ভব নয়। আইনের শাসন মানলে আদালতের রায় মেনে চলতে হবে।’ ই-ভোটিং এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আপত্তি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রায়ের পর্যবেক্ষণ অংশে বলা হয়েছে, সংসদ মনে করলে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে বিচার বিভাগকে জড়িত করা যাবে না। এখানে আমি একটা ফর্মুলা চাই। বিরোধী দল সংসদে এ ব্যাপারে তাদের বক্তব্য দিতে পারে। কোনো বিল সংসদে উত্থাপন করা হলে তার ওপর মতামত দেওয়ার সুযোগ থাকে।’শেখ হাসিনা বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে বিরোধীদলীয় নেত্রী ই-ভোটিং মানবেন না কেন? তিনি এ বি এম খায়রুল হককে মানবেন না, ই-ভোটিং মানবেন না, তাহলে কোন দিকে যাবেন? তিনি তো বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। এখন উনি কোন পাগলের অধীনে নির্বাচন চান?বিরোধী দলের নির্বাচনে না যাওয়ার হুমকি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল নির্বাচনে আসবে না কেন? আওয়ামী লীগের অধীনে উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, হবিগঞ্জ উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। হবিগঞ্জের আসন ছিল দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের। সরকার এসব নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, এ ক্ষেত্রে বিরোধী দলের মতামত থাকলে দেবে। সবার মত নিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না থাকলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার কথা বলা হলে প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সংঘাত হয়েছে। তখন আরও বেশি হয়েছে। বৃষ্টির মতো গুলি কর, মরলে শহীদ, বাঁচলে গাজী—এ রকম কথাও বলা হয়েছে। জনগণের ওপর আস্থা ও বিশ্বাস থাকলে সংঘাত হবে না। কেউ যখন ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, তখন সংঘাত হয়।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচিত্র অভিজ্ঞতা: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচিত্র অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় জেনারেল নাসিমের নেতৃত্বে ক্যু হয়েছিল। এটা চেষ্টা করে ঠেকাই। ফলে নির্বাচন হয়। একমাত্র ২০০১ সালেই দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। এটা আমরাই করি। কিন্তু বিচারপতি লতিফুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই ১৩ সচিবের চাকরি যায়। অনেক কর্মকর্তাকে বদলি করা হয়। এরপর সারা দেশে শুরু হয় বিএনপির তাণ্ডব, যা পরবর্তী আরও তিন-চার বছর পর্যন্ত চলে। ২০০৬ সালের ঘটনা তো আরও মারাত্মক। দলীয় লোককে প্রধান উপদেষ্টা করার জন্য বিচারপতিদের বয়স দুই বছর বাড়ানো হয়। জনগণের প্রতিবাদের মুখে কে এম হাসান প্রধান উপদেষ্টা হতে অস্বীকৃতি জানান। পরে সংবিধানের অন্যান্য ধারা অনুসরণ না করেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। এরপর আজিজ মার্কা নির্বাচন কমিশনের অধীনে ২২ জানুয়ারির নির্বাচনের আগেই ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেলেন। এক সেট উপদেষ্টা পদত্যাগ করেন, আবার নতুন এক সেট শপথ নেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ছিল এ রকম তেলেসমাতি কারবার, যার ফলাফল এক-এগারো। আর পরের দুই বছর অত্যাচার-নির্যাতন ভোগ করেনি এমন লোক কমই আছে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল নিয়ে সংবাদপত্রের শিরোনাম সম্পর্কে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা বাতিল করিনি, আদালত করেছেন। তাহলে সেটা আমার ঘাড়ে চাপানোর দুরভিসন্ধি কেন?’ কারও নামোল্লেখ না করে তিনি বলেন, দেশে কিছু শ্রেণী আছে, যারা কোনো দল করতে পারে না। তবে তাদের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা আছে। গণতান্ত্রিক ব্যবস্থায় তারা নিজেদের মূল্যহীন ভাবে। এরা মুখে গণতন্ত্রের কথা বললেও অগণতান্ত্রিক পন্থা খুঁজে বেড়ায়।মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গ: বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সরকারি দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালেই মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন পড়ে। সংসদে তাদের অনাস্থা প্রস্তাব পাস হলেই মধ্যবর্তী নির্বাচন হতে পারে। প্রশ্ন করেন তিনি, ‘আমরা কি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছি? তা ছাড়া বিরোধীদলীয় নেত্রী কি নির্বাচনের জন্য তৈরি আছেন? তাঁর দল তৈরি আছে? তাঁরা যে নির্বাচনে জিতবেন, তার গ্যারান্টি কী?’ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, অহেতুক দাবি তুলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের তুলনায় এখন দ্রব্যমূল্য কম, মুদ্রাস্ফীতিও কম। পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এমনকি দিনমজুরও ক্রয়ক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার অধিক মূল্যে খাদ্য কিনে কম মূল্যে বিক্রি করছে। এমনটি আগে কখনো হয়নি।প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘ষড়যন্ত্র, হত্যা ও উসকানির রাজনীতি বন্ধ করুন। কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। আমরা ভালো কাজ করলে জনগণ আবারও আমাদের নির্বাচিত করবে। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল।’ইউনূস প্রসঙ্গ: ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সম্পর্কে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, এ ব্যাপারে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘ইউনূসের ব্যাপারেও আদালত রায় দিয়েছেন। আর আমাকে ভুল বোঝানো হবে কেন? আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি।’