ইসিকে স্বাধীনভাবে কাজ করার পরামর্শ নাগরিক সমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনকে সংবিধান ও আইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাঁরা এই পরামর্শ দেন। সভায় সীমানা পুনর্নির্ধারনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা না থাকায় আলোচকেরা কমিশনের সমালোচনা করেন। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার পরামর্শ দেন। বেশির ভাগ আলোচক ঢাকা শহরের আসন সুনির্দিষ্ট করে দিয়ে জনসংখ্যার ভিত্তিতে সীমানা বিন্যাস করার কথা বলেন। সভায় আলোচকদের মতামত গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ নিজস্ব কোনো মতামত দেননি। মূল আলোচনায় বেশ কয়েকজন আলোচক প্রশ্ন রাখেন, কমিশন কী পদ্ধতিতে সীমানা পুনর্নির্ধারণ করতে চায়, কবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে, কমিশনের নাম পরিবর্তনের বিষয়ে পত্রপত্রিকায় যেসব সংবাদ ছাপা হয়েছে তা সত্য কি না? সিইসি এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সভার সমাপ্তি টানেন।ভোটার সংখ্যা যাতে কম-বেশি না হয়, সেদিকে লক্ষ রেখে জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানা বিন্যাসের পরামর্শ দেন জ্যেষ্ঠ আইনবিদ এম আমীর-উল ইসলাম ও রফিক-উল-হক। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন কমিশন একমাত্র সংবিধান এবং সংসদের কাছে দায়বদ্ধ। কোনো দল বা গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়। কিন্তু বর্তমান কমিশন যেভাবে কাজ করছে তাতে দর্শনীয়ভাবে কমিশনের স্বাধীনতা ও দৃঢ়তা অনুপস্থিত। রাজনৈতিক দলের মতামতই সীমানা বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মত দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান বলেন, ‘সীমানা বিন্যাসের ব্যাপারে আগে আপনারা একটি প্রস্তাব তৈরি করেন। তারপর আমরা মতামত দেব।’ রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত মতবিনিময়ের আহ্বান জানিয়ে অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘কোন জেলায় বাড়ছে, কোন জেলায় কমছে—এসব বিষয়ে কমিশনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে আলোচনা করতে সুবিধা হতো।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ঢাকা শহরের আসন নির্দিষ্ট করে দিয়ে আসনের সীমানা বিন্যাস করা যেতে পারে। তবে এ বিষয়ে কমিশন থেকে একটি রূপরেখা তৈরি করে আলোচনা করা হলে তা আরও ফলপ্রসূ হবে। তিনি আরও বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ব্যাপারে নির্বাচনী আইন প্রয়োগে বর্তমান কমিশনের ভূমিকা হতাশাজনক।প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, অতীতে প্রতিবারই আসনের সীমানা বিন্যাস হয়েছে রাজনৈতিক দলের স্বার্থকে মাথায় রেখে। এবারও যাতে সে রকম না হয়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে। জ্যেষ্ঠ আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন বলেন, জনসংখ্যা, আঞ্চলিক অখণ্ডতা, প্রশাসনিক বিন্যাস সবকিছু বিবেচনায় নিয়ে আসনের সীমানা বিন্যাস করতে হবে। শুধু জনসংখ্যার ওপর ভিত্তি করে করা হলে এক সময় ঢাকার আসন দেড় শ হবে। তাই এটা করা যাবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সীমানা বিন্যাস এবং নির্বাচনকেন্দ্রিক অন্যান্য বিষয়ে কমিশন থেকে আগেই একটি কৌশলপত্র প্রণয়ন করা হলে কাজ করতে সুবিধা হবে।গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সীমনা বিন্যাসের বিষয়টি পক্ষপাতহীনভাবে করতে হবে। নইলে দেশজুড়ে মামলা-মোকদ্দমা হবে। তাতে নির্বাচনের কাজ ব্যাহত হবে। সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বর্তমান কমিশনের ভূমিকা অনেকাংশে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক দিলারা চৌধুরী।যথাসময়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন না হওয়া এবং এ বিষয়ে কমিশনের ভূমিকার সমালোচনা করেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, সালমা আলী ও খুশী কবির। আলোচনায় আরও অংশ নেন মনিরুজ্জামান মিঞা, রাশেদা কে চৌধূরী, সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ, তারেক শামসুর রহমান, তালেয়া রেহমান, মুনিরা খান, আরমা দত্ত, শারমিন মুর্শিদ, রেখা চৌধুরী, শাহজাহান খান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন সিইসি কাজী রকিবউদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো, শাহনেওয়াজ ও জাবেদ আলী এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক।