ইসির তৈরি বিধিমালায় সরকারের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে প্রার্থীদের জন্য একটি বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন। সরকার এই বিধিমালার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে বিধিমালা চূড়ান্ত করতেই হবে।নির্বাচন কমিশন (ইসি) প্রণীত খসড়া বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা আলাদাভাবে জনসভা করতে পারবেন না। নির্বাচন কমিশন রাজধানীর চারটি এলাকায় এক মঞ্চে জনসভার আয়োজন করবে। তবে মেয়র পদপ্রার্থীরা থানায় থানায় পথসভা করতে পারবেন। এ ছাড়া তাঁরা প্রতিটি থানায় এবং কাউন্সিলর পদপ্রার্থীরা প্রতিটি ওয়ার্ডে একটির বেশি নির্বাচনী কার্যালয় করতে পারবেন না।স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বিধিমালার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, প্রার্থীরা নির্বাচনী জনসভা করতে না পারলে নির্বাচন উৎসবমুখর হবে না। তা ছাড়া সভা-সমাবেশ করা নির্বাচনী রেওয়াজ। আইন বা বিধি করে এসব বন্ধ করা গণতান্ত্রিক সরকারের জন্য শোভন হয় না।বিধিমালায় সিটি নির্বাচনে নির্বাচনী অপরাধের বিচারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয় এ প্রস্তাবকে আইনসংগত নয় উল্লেখ করে বলেছে, খসড়া বিধিটি ফৌজদারি কার্যবিধির সঙ্গে সংগতিপূর্ণ নয়। ডিসিসি নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ দুই বছর সাজা দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু সিটি করপোরেশন আইন ও বিধিতে সর্বোচ্চ সাত বছর দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তাই যাঁর দণ্ড দেওয়ার সুযোগ নেই, তাঁকে বিচারিক ক্ষমতা দেওয়া যায় না।এ বিষয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আইন মন্ত্রণালয় তাতে আপত্তি জানিয়েছে। এ বিষয়ে তাদের আপত্তিটি যুক্তিযুক্ত। তাই এখন মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারেই বিধি প্রণয়ন করতে হবে।ছহুল হোসাইন বলেন, তবে নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নির্বাচনী জনসভা এককভাবে করতে না দেওয়ার প্রস্তাবে নির্বাচন কমিশন অনমনীয় রয়েছে। কমিশন মনে করে, নির্বাচনী ব্যয়সীমা ঠিক রাখার জন্য এ ধরনের জনসভা বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, ‘আশা করি দ্রুততম সময়ে স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয় বিধিমালাটি চূড়ান্ত করে পাঠাবে।’যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ডিসিসি নির্বাচন নিয়ে শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি একে উৎসবমুখরও করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো বিরোধ নয়, আলাপ-আলোচনার মাধ্যমে বিধিমালাটিকে আরও যুগোপযোগী করার চেষ্টা করা হচ্ছে।সূত্র জানায়, আগামী মে মাসে ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা হতে পারে মধ্য এপ্রিলে। ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার খসড়া ভোটার তালিকা করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত খসড়া তালিকা অনুসারে ভোটারসংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার। ২০০৭ সালের ১৪ মে ডিসিসির বর্তমান মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে।নির্বাচন কমিশন গত মাসে বিধিমালা প্রণয়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের মতামত দিয়ে এটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর অধীনে প্রণীত খসড়া বিধিমালা মতে, মেয়র পদপ্রার্থীরা বাড়ি বাড়ি ভোটার স্লিপ পাঠাতে পারবেন না। তবে কাউন্সিলর পদপ্রার্থীরা তা পারবেন। মেয়র পদপ্রার্থীরা প্রতি থানায় একটি করে এবং কাউন্সিলর পদপ্রার্থীরা ওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প করতে পারবেন। এর আগে মেয়র পদপ্রার্থীরা প্রতি ওয়ার্ডে একটি ক্যাম্প করতে পারতেন। খসড়ায় আছে, পোস্টারে প্রার্থী ও প্রতীকের ছবি ছাড়া আর কারও ছবি বা নাম ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রচারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবিও ব্যবহার করা যাবে না। পোস্টারে মুদ্রণকারীর নাম-ঠিকানা এবং মুদ্রণের সংখ্যা থাকতে হবে। গণমাধ্যমে স্লট ভাড়া করে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের প্রচার নির্বাচনী বিধির লঙ্ঘন বলে গণ্য হবে। মিছিলসহকারে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না।ডিসিসি নির্বাচনে এবার একজন মেয়র পদপ্রার্থী ৫০ লাখ টাকা এবং কাউন্সিলর পদপ্রার্থী এলাকায় ভোটার অনুপাতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন।প্রস্তাবিত বিধিমালায় নির্বাচনী অপরাধের কারণে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান এবং বিধিমালা লঙ্ঘনের কারণে ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।বিধিমালা অনুসারে ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কেউ মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। এ ধরনের অপরাধের কারণে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেওয়া যাবে। নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অপরাধেরও তাত্ক্ষণিক বিচার করতে পারবেন।এ প্রস্তাবে আইন মন্ত্রণালয় ভিন্নমত দিয়ে বলেছে, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে স্পষ্ট বলা আছে। এ আইনের বিধান অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিতে পারবেন না। কেননা আইনে যে মেয়াদের শাস্তির উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে সে ধরনের শাস্তি দেওয়ার ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেই।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুততার সঙ্গে বিধিমালা তৈরি করে নির্বাচনের আয়োজন করতে হবে। কারণ মেয়াদ শেষ হওয়ার পর ইতিমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বদলে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগে সরকারের পরামর্শ মেনে নিতে হবে। অন্যদিকে নির্বাচনে টাকার খেলা বন্ধে প্রার্থীদের আলাদা জনসভা করার বিধান বাতিলের প্রস্তাব উত্তম। সরকার নির্বাচন কমিশনের এ প্রস্তাব গ্রহণ করলে ভালো হবে। আর নির্বাচনে জনসভা কম হলে টাকার খেলা কম হবে।