ইসির প্রস্তাব গুরুত্ব পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ৫১ দফা সুপারিশ করলেও নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করার প্রস্তাব আমলে নেয়নি। নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করতে তিন দফা প্রস্তাব পাঠিয়েছিল।নির্বাচন কমিশনের প্রস্তাবের প্রথমটি ছিল প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া নিয়ে। প্রস্তাবে বলা হয়, বিতর্ক এড়াতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগে একটি সম্ভাব্য তালিকা তৈরি করতে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করা যেতে পারে। অনুসন্ধান কমিটির আহ্বায়ক হবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এতে আরও থাকবেন প্রধান বিচারপতির মনোনীত একজন বিচারক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সংসদের কার্য উপদেষ্টা কমিটি (সরকার ও বিরোধী দলের সমন্বয়ে) এ কমিটির তৈরি করা নামের তালিকা পরীক্ষা করে প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। কার্য উপদেষ্টা কমিটির চূড়ান্ত করা তালিকা থেকেই প্রধানমন্ত্রীর হাত হয়ে যেকোনো ব্যক্তিকে সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।ইসির প্রস্তাবে বলা হয়, অনুসন্ধান কমিটির কাছে সৎ বিবেচিত না হলে, বৈধ আয়ের ভিত্তিতে জীবন নির্বাহ না করলে, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের সদস্য হলে, রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ নির্বাচনের ইচ্ছা প্রকাশ করলে এবং ঋণখেলাপি হলে ওই ব্যক্তি সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগের অযোগ্য হবেন। প্রস্তাবে একজন নারীসহ তিন সদস্যের নির্বাচন কমিশন নিয়োগের সুপারিশ করা হয়।বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের সদস্যসংখ্যা নির্দিষ্ট করা নেই। এ পদে নিয়োগের কোনো প্রক্রিয়াও নেই। ‘রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করিবেন’—এভাবেই সংবিধানে উল্লেখ আছে।বিশেষ কমিটি ইসির প্রস্তাব আমলে না নিয়ে বলেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সংশোধন করে এসব প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে বিশেষ কমিটি প্রস্তাব করেছে, নির্বাচন কমিশনের সদস্যসংখ্যা হবে অনধিক পাঁচ।যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী করতে হলে বিতর্কের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনার নিয়োগের কোনো বিকল্প নেই। এ জন্য বিশেষ কমিটির কাছে ওই প্রস্তাব পাঠানো হয়েছিল।নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংবিধানের অনুচ্ছেদ ৫৮ ঘ (১)-এ ‘তবে নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে সম্পাদন করবেন’ শব্দগুলো সংযোজন করার সুপারিশ করা হয়। বিশেষ কমিটি অবশ্য তাদের সুপারিশে ৫৮ ঘ পুরো অনুচ্ছেদটিই বাতিল করে দেওয়ায় এর আর প্রয়োজনীয়তা নেই।এ ছাড়া সংবিধানের অনুচ্ছেদ ৭১(১)-এ সংশোধনী আনার প্রস্তাব দিয়ে কমিশন বলেছে, ‘কোনো ব্যক্তি একটির বেশি নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’ বিশেষ কমিটি এ প্রস্তাবও আমলে নেয়নি। প্রসঙ্গত, বর্তমান সংবিধান অনুসারে একজন ব্যক্তি একই সঙ্গে তিনটি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন।কমিশনের প্রস্তাব বিবেচনায় না নিয়ে বিশেষ কমিটির পাঁচ সদস্যের কমিশন গঠনের প্রস্তাব সম্পর্কে সিইসি এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, সংখ্যা নিয়ে আসলে সমস্যা হবে না। দরকার হলো সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন করার পথ তৈরি করা। তিনি বলেন, নির্বাচন কমিশন কত সদস্যের হবে, এ বিষয়ে সংশোধনী তো সংসদ আনতেই পারে। তবে সিইসি ও ইসি নিয়োগের পদ্ধতি নিয়ে আলাদা করে চিন্তা করলে ভালো হবে।বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের পাঠানো প্রস্তাবের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কমিশন চাইলে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী এনেই তা করা সম্ভব।এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাব বিশেষ কমিটির আমলে না নেওয়া ‘হতাশাজনক’। তিনি বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী করতে হলে শুধু আর্থিক স্বাধীনতা দিলেই হবে না, ওই সব পদে যথাযথ ব্যক্তিদেরও নিয়োগ দিতে হবে। আর এ জন্য নির্বাচন কমিশন গঠনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া নিয়োগপ্রক্রিয়া যৌক্তিক ছিল। পুরো প্রস্তাব গ্রহণ না করলেও অন্তত একটি প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি বিশেষ কমিটি বিবেচনায় নিতে পারত। তিনি বলেন, নির্বাচন কমিশনের ৭১(১) অনুচ্ছেদের সংশোধনী প্রস্তাবও গ্রহণযোগ্য ছিল। কারণ, একজন ব্যক্তি যদি একটির বেশি আসনে নির্বাচন করার সুযোগ না পান, তাতে করে সবারই লাভ হতো। পরে উপনির্বাচন করে বিপুল অর্থও খরচ করতে হয় না।বিশেষ কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, বিশেষ কমিটি বিবেচনায় না নিলেও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে যোগ্য লোকদের দিয়ে কমিশন গঠনে আলাদা আইন করা যেতে পারে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার অংশ হিসেবেই একজন প্রধান নির্বাচন কমিশনার ও সর্বোচ্চ চারজন নির্বাচন কমিশনার নিয়ে ইসি গঠনের সুপারিশ করেছে বিশেষ কমিটি।