ইসির বৈঠকে ডিসিসি নির্বাচন জটিলতার সুরাহা হয়নি
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন-সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের রায় পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণে কমিশনকে আবারও বৈঠকে বসতে হবে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ জানিয়েছেন।আদালতের রায় হাতে পাওয়ার পর আজ মঙ্গলবার কমিশন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান এবং নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিকের সঙ্গে বৈঠক করে।ঢাকার দুই সিটিতে নির্বাচন করার জন্য কমিশন গত ৯ এপ্রিল তফসিল ঘোষণা করে। এরপর ১৬ এপ্রিল হাইকোর্ট তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। হাইকোর্টের রুলে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ড ভাগ করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না। সিইসি ও স্থানীয় সরকার-সচিবসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া হাইকোর্ট ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদের নির্দেশ দেন।আজকের বৈঠক শেষে সিইসি রকিবউদ্দীন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কমিশন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনের আইনি পরামর্শক রায়টি পর্যালোচনা করে তাঁর মতামত জানাবেন। তার ওপর ভিত্তি করে দু-চার দিন পর কমিশন আবারও বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্ত নিলে দ্রুত ডিসিসির নির্বাচন সম্ভব হবে, কমিশন সেই সিদ্ধান্তই নেবে।আইনে ১৮০ দিনের মধ্যে ডিসিসি নির্বাচন করতে বলা হয়েছে। এই মেয়াদ শেষ হবে ২৯ মে। এ প্রসঙ্গে সিইসি বলেন, এ নিয়ে একধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে কমিশন আদালতের কাছে দিক-নির্দেশনা চাইবে।সিইসি বলেন, সরকার এবং কমিশন ডিসিসি নির্বাচনের ব্যাপারে আন্তরিক। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব জানিয়েছেন, ওয়ার্ডের সীমানা বিন্যাস না করার ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করার মতো যথেষ্ট গ্রহণযোগ্য যুক্তি মন্ত্রণালয়ের হাতে আছে। মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদালতের রুলের জবাব দেবে।সরকার এবং কমিশন আন্তরিক হলে নির্বাচন অনুষ্ঠানে সমস্যা কোথায়? জানতে চাইলে সিইসি বলেন, সমস্যা আদালতের রায়।সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও কমিশনের সচিব মোহাম্মদ সাদিকসহ অন্যান্য আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।