ইসির লিখিত-অলিখিত সিদ্ধান্তে জটিলতা, রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে পারবেন না—নির্বাচন কমিশন (ইসি) মুখে এমন ঘোষণা দিলেও কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা লিখিত কোনো নির্দেশনা পাননি। ফলে তাঁরা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থীদের মানোনয়নপত্র গ্রহণ করা হবে কি না, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছেন না। ৫ মে থেকে মানোনয়নপত্র গ্রহণ করার কথা রয়েছে। এ অবস্থায় গতকাল সোমবার নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক রিট আবেদন করা হয়েছে। আবার সরকার-স্বীকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা আছে কি না, তা-ও জানতে চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। গত ২৮ এপ্রিল পাঠানো এ চিঠির জবাব গতকাল পর্যন্ত পায়নি কমিশন। জানতে চাইলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, সরকার-স্বীকৃত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকেরা যে নির্বাচনে অংশ নিতে পারবেন না, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ এ বিষয়ে একটি আইন আছে এবং সে আইন সবাইকে মানতে হবে। এ বিষয়ে করণীয় কী হবে, সে সম্পর্কে নির্দেশনা দিয়ে দু-এক দিনের মধ্যে মাঠপর্যায়ে চিঠি পাঠানো হবে। গত ১০ এপ্রিল নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ২১ এপ্রিল নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ১৯৬১ সালের ‘দি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স’-এর বরাত দিয়ে জানিয়েছেন, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে গত ৩ মার্চের জারি করা পরিপত্রে কমিশন বলেছিল, এমপিওভুক্ত স্কুল-কলেজ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা চাকরি বহাল রেখে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ওই পরিপত্রের আলোকে উপকূলীয় এলাকার ইউনিয়ন পরিষদে নির্বাচনও হয়েছে। এখন এই সুবিধা রহিত করলে অন্য অঞ্চলের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হবেন। এ ক্ষেত্রে তাঁদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকে এবং এতে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন নিয়ে সংকট দেখা দিতে পারে। কমিশন সূত্র বলছে, এ কারণে কমিশন নতুন পরিপত্র জারি বা মাঠ কর্মকর্তাদের লিখিত কোনো নির্দেশনা দিচ্ছে না। আবার আগের পরিপত্র বাতিল হলে ইতিমধ্যে নির্বাচিত উপকূলীয় এলাকার শিক্ষক-কর্মচারীদের অবস্থা কী দাঁড়াবে, সে প্রশ্নও থাকছে। আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলা-বিষয়ক বৈঠকে মাঠ কর্মকর্তারা সমস্যাটির কথা তুলে ধরবেন বলে জানা গেছে। সিরাজগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা নিতীশচন্দ্র দে প্রথম আলোকে জানান, আগের পরিপত্রে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ইউপি নির্বাচনে অংশগ্রহণকে বৈধতা দেওয়া হয়েছিল। এখন যদি আইনি সীমাবদ্ধতা থাকে, তা পরিষ্কার করা না হলে ৫ মে থেকে মনোনয়নপত্র গ্রহণ নিয়ে মাঠপর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষকদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কঠিন। যে কারণে তাঁদের কমিশনের নির্দেশনা আসার আগ পর্যন্ত অপেক্ষা করার কথা বলতে হচ্ছে।’ রিট আবেদন: বিচারপতি আনোয়ারুল হক ও আকরাম হোসেন এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মো. নুরুজ্জামানের বেঞ্চে গতকাল দুটি রিট আবেদন করা হয়েছে। প্রথম বেঞ্চের রিটটি করেন নরসিংদীর আবদুল বাছেদসহ ৪৮ জন শিক্ষক। অপর বেঞ্চে আবেদনটি করেছেন জামালপুরের মেলান্দহের আবদুল জলিল টেকনিক্যাল কলেজের শিক্ষক আলমগীর কবির ও অন্যরা। আলমগীর কবিরের রিট আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন গত ৩ মার্চ যে পরিপত্র জারি করেছে, তাতে সরকার-স্বীকৃত বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকেরা ইউপি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। এখন দ্বিতীয় দফায় তারা কোনো পরিপত্র জারি না করেই সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানাচ্ছে, শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের এ সিদ্ধান্ত অবৈধ এবং আগের জারি করা পরিপত্রের সঙ্গে সাংঘর্ষিক। আলমগীর কবির ও অন্যান্যের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী মো. বদরুদ্দোজা। তিনি প্রথম আলোকে বলেন, আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কাল (আজ মঙ্গলবার) বেলা দুইটার মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা জানাতে বলেছেন।