ইসির শর্ত পূরণে জামায়াতের গড়িমসি
জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের পাঁচটি ধারাকে নিবন্ধন আইনের সঙ্গে সাংঘর্ষিক চিহ্নিত করে সেগুলো পরির্তন করতে দলটিকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু জামায়াত এ বিষয়ে কমিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এ অবস্থায় কমিশন জামায়াতকে দ্বিতীয় দফায় চিঠি দিয়ে জানিয়েছে, ওই ধারাগুলো সংশোধন করা না হলে আইন অনুযায়ী জামায়াত নিবন্ধন পাওয়ার অযোগ্য হবে।এর আগে দেশের প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপিকেও একই ধরনের চিঠি দিয়েছিল ইসি। ইসির নির্দেশনা অনুযায়ী দল দুটি একাধিকবার তাদের গঠনতন্ত্রে পরিবর্তন এনেছিল। জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠনতন্ত্রে নানা সংশোধনী আনলেও বর্তমান সরকারের সময় তারা ইসির শর্ত মানার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে। ইসি ও জামায়াতের সূত্র জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে কমিশনের পক্ষ থেকে জামায়াতকে চিঠি দেওয়া হয়। এর আগে প্রথম দফায় গত ২৫ জানুয়ারি জামায়াতকে চিঠি দিয়েছিল ইসি। সে সময় জামায়াতের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে বলে গণমাধ্যমকে জানালেও তাঁরা তা করেননি। এই পরিপ্রেক্ষিতে কমিশন আবারও চিঠি দিয়েছে।কমিশনের সূত্র জানায়, দ্বিতীয় চিঠিতে বলা হয়েছে, প্রথমবার চিঠি দেওয়ার পর গঠনতন্ত্র সংশোধন বিষয়ে কমিশনকে কিছুই জানায়নি জামায়াত। কিন্তু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিধায় তাদের আবারও তা স্মরণ করিয়ে দেওয়া হলো। জানতে চাইলে জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, দলের গঠনতন্ত্র সংশোধন বিষয়ে তাঁরা আজ বৈঠকে বসবেন। তবে কমিশন যে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে, তা তিনি জানেন না বলে জানান। অবশ্য আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান জানান, কমিশনের কাছ থেকে তাঁরা একাধিক চিঠি পেয়েছেন। মুজিবুর রহমান বলেন, কমিশনের চিঠি পাওয়ার পর দলের সেক্রেটারি জেনারেলকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলারও সিদ্ধান্ত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের আইন তো আমাদের বিবেচনা করে দেখতেই হবে। তবে যে উদ্দেশ্যে তাদের দল প্রতিষ্ঠা হয়েছে, তা যেন ঠিক থাকে, সে দিকটাও দেখতে হবে।’গণপ্রতিনিধিত্ব আদেশ আইন অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের কিছু শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। এখন পর্যন্ত কমিশন কোনো দলকে চূড়ান্ত নিবন্ধন দেয়নি। অস্থায়ী নিবন্ধন পাওয়া ৩৯টি দলের গঠনতন্ত্র যাচাই-বাছাই শেষে নিবন্ধন চূড়ান্ত করা হবে। এরই মধ্যে শর্ত পূরণ না হওয়ায় ফ্রিডম পার্টির অস্থায়ী নিবন্ধনও বাতিল করেছে কমিশন।গত জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন আইন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন করেছিল জামায়াত। সে সময় বেশ কয়েকটি মৌলিক বিষয়েও পরিবর্তন আনা হয়। নিবন্ধন লাভের জন্য জামায়াত দীর্ঘদিনের অবস্থান ত্যাগ করে ‘আল্লাহর আইন প্রতিষ্ঠা’র বিষয়টিও গঠনতন্ত্র থেকে বাদ দেয়। এ ছাড়া অমুসলিমদের দলে নেওয়া, মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন বিষয় সংযোজন-বিয়োজন করে দলটি। কিন্তু বর্তমান সরকারের আমলে জামায়াত গঠনতন্ত্র সংশোধন করতে রাজি হচ্ছে না। জামায়াতের নেতারা প্রথম আলোকে বলেছেন, তাঁরা মনে করছেন, নির্বাচন কমিশন যেসব নির্দেশনা দিয়েছে, তা আইনসম্মত নয়। আর কমিশন যেসব ধারা সংশোধনের সুপারিশ করেছে, সেগুলো মানলে ইসলামের অনুসরণে রাজনীতি করা যাবে না।নির্বাচনের পর ২০০৯ সালের জুলাই মাসে নির্বাচন কমিশনে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেয় জামায়াত। এরপর কমিশনের গঠনতন্ত্র পর্যালোচনা কমিটি যাচাই-বাছাই করে আরও কিছু সংশোধনী প্রয়োজন বলে জামায়াতকে চিঠি দিয়ে জানায়।যেসব ধারায় কমিশনের আপত্তি: ইসির দৃষ্টিতে জামায়াতের গঠনতন্ত্রের আপত্তিকর ধারাগুলো হলো ২(৫), ৩(১), ৬(৪), ৭ ও ১১। এ ছাড়া জামায়াতকে ১৬(২.খ) ধারা স্পষ্ট করতে বলা হয়েছে।২(৫) ধারায় বলা হয়েছে, ‘আল্লাহ ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিরঙ্কুশভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইনপ্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে। কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ ব্যতীত অপর কাহারও আসলেই নেই।’নির্বাচন কমিশন মনে করে, এই ধারার মাধ্যমে জনগণের রায়ে নির্বাচিত সংবিধান ও জাতীয় সংসদের আইন প্রণয়নের ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে। ৩(১) ধারায় বলা হয়েছে, ‘ইসলামী মূল্যবোধের উজ্জীবন ও জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সর্বপ্রকার অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি এবং বিশৃঙ্খলা হইতে রক্ষা করিবার প্রচেষ্টা চালানো।’৬(৪) ধারায় বলা হয়েছে, ‘ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাকল্পে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থায় বাঞ্ছিত সংশোধন আনয়নের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সত্ ও খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টা করা।’৭ ধারায় বলা হয়েছে, ‘এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন, যাহার মূলনীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের আক্বিদা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী।’১১ ধারায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ও অর্থনৈতিক কর্মসূচির সহিত একমত পোষণ করিলে যেকোনো অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য হইতে পারিবেন।’১৬(২.খ) ধারায় বলা আছে, ‘জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে জানমাল দিয়া চেষ্টা করাকেই নিজের প্রধানতম কর্তব্য বলিয়া মনে করিবেন।’নির্বাচন কমিশনের গঠনতন্ত্র যাচাই-বাছাই কমিটির একজন সদস্য বলেন, দেশের সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্রের এই বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ নয়। নিবন্ধন আইনে বলা আছে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছুই রাজনৈতিক দলের গঠনতন্ত্রে থাকতে পারবে না। তিনি বলেন, কমিশন সরকারি দল আওয়ামী লীগকেও ছাড় দেয়নি। এসব ধারা সংশোধন না করে দিলে জামায়াত কোনোভাবেই নিবন্ধন পাবে না।