বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সংলাপে অংশ নেবে না প্রধান বিরোধী দল বিএনপি। আজ বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠিতে কমিশনকে এ কথা জানানো হয়েছে। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠিটি পৌঁছে দিয়েছেন। এ সময় সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ তাঁর সঙ্গে ছিলেন।সংলাপের জন্য নির্ধারিত দিনের দুই দিন আগে বিএনপি তাদের অবস্থান জানিয়ে দিল। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আগামী রোববার বেলা তিনটায় বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল।চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এ বিধান রেখে নির্বাচনের ফল বাতিল করে দেওয়া সম্ভব। এতে বলা হয়, সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানছে না। কমিশন একটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে থাকলেও সরকার তা দেয়নি। এই বাস্তবতায় কমিশনের বর্তমান স্বাধীনতার ওপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চিঠিতে বলা হয়, কাপাসিয়া উপনির্বাচন নিয়ে গত ২৪ সেপ্টেম্বর ‘প্রথম আলো’তে ‘শক্ত অবস্থানে নেই ইসি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সেখানে কমিশনের নানা সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। এ ছাড়া ওই নির্বাচনে ২০ থেকে ২৫ ভাগ ভোট পড়েছে; অথচ কমিশন দেখিয়েছে ৪৩ ভাগ ভোট পড়েছে। চিঠিতে মির্জা ফখরুল বলেন, সার্বিক পরিস্থিতিতে কেবল ভোটার তালিকা, সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এদিকে, আজ নির্বাচন কমিশন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), পিডিপি ও বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করেছে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও দলটি নতুন সময় নির্ধারণের জন্য কমিশনকে চিঠি দিয়েছে।কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘আমি কোনো সময় বলিনি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। খবরের কাগজে আমার বক্তব্য সঠিকভাবে রিফ্লেক্টেড হয় না।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী ধাপে ধাপে মোতায়েন করা হবে।জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি সিপিবিরজামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী সব দলের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছে সিপিবি। দলটি মনে করে, জামায়াতের উদ্দেশ্য সংবিধানের মূল চেতনা ও সারমর্মের পরিপন্থী। সংলাপে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানায় সিপিবি। এর মধ্যে আছে, এলাকাভিত্তিক একক প্রতিনিধিত্ব বাদ দিয়ে জাতীয়ভিত্তিক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু, নির্বাচনী ব্যয় পাঁচ লাখ থেকে কমিয়ে তিন লাখ টাকা ও জামানত পাঁচ হাজার টাকা করা। সীমানা পুনর্নির্ধারণে জনসংখ্যা, যাতায়াতব্যবস্থা ও অতীত নির্বাচনী অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেয় সিপিবি।সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক আবু জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব আলম, এ এন এরশাদ ও রুহিন হোসেন প্রিন্স সংলাপে অংশ নেন।কমিশনের সঙ্গে সংলাপে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিদ্যমান সীমানাতেই সংসদ নির্বাচন করার প্রস্তাব দেন। প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী নির্বাচন-পদ্ধতি সংস্কারের প্রস্তাব দেন। একাধিক দিনে ভোট নেওয়া এবং জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সুপারিশ করেন তিনি।