ইসির সার্চ কমিটি গঠনে বিরোধী দলকে চায় টিআইবি
নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি গঠনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দেওয়া প্রস্তাবের ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ওই অনুসন্ধান কমিটির গঠনপ্রক্রিয়ায় প্রধান বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও আহ্বান জানানো হয়েছে।আজ সোমবার এক বিবৃতিতে টিআইবি এই আহ্বান জানায়। এতে বলা হয়, বিরোধী দলের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব না দিয়ে ঢালাওভাবে এ উদ্যোগ প্রত্যাখ্যান করার বিষয়টি গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।নির্বাচন কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে টিআইবি মনে করে। একই সঙ্গে খসড়া আইনের ওপর সংসদের বাইরে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ আগ্রহী সবার মতামত সংগ্রহের পরামর্শ দিয়েছে সংস্থাটি।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘অনুসন্ধান কমিটিতে যে পাঁচ সদস্যের অন্তর্ভুক্তির কথা গণমাধ্যমে বলা হয়েছে, তাঁদের প্রাতিষ্ঠানিক অবস্থান ও মর্যাদার বিষয় প্রশ্নাতীত। তবে দেশের বিদ্যমান দ্বান্দ্বিক রাজনীতির বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন এবং এর কার্যপদ্ধতি নিরূপণে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে কমিটির কাজের সাফল্যের সম্ভাবনা বাড়বে। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা নিশ্চিত না হলে মতৈক্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের সম্ভাবনা দুরূহ হয়ে পড়বে।নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আগে গত ২১ ডিসেম্বর টিআইবি রাষ্ট্রপতির কাছে ছয় দফা সুপারিশ সংবলিত বক্তব্য উপস্থাপন করে। এতে সরকারি ও বিরোধী দলের মনোনীত সমানসংখ্যক এবং স্পিকারসহ পাঁচ-সাতজন সদস্য নিয়ে গঠিত একটি বিশেষ সংসদীয় কমিটি কর্তৃক অনুসন্ধান কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল।