ইস্কাটন রোডে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
ঢাকার ইস্কাটন রোডে বহুতল ভবনে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার রাতে কারওয়ান বাজার ও কাঁঠালবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—হানিফ, পলাশ, মিলন, তাহের ও দুদু। পুলিশ তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়া ৩৫ ভরি স্বর্ণ ও হারানো অস্ত্র উদ্ধার করে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছিল।গোয়েন্দা সূত্রের দাবি, হানিফ, পলাশ ও মিলন সরাসরি ডাকাতির সঙ্গে জড়িত। আর তাহের এ তিনজন থেকে স্বর্ণ নিয়ে দুদুর কাছে বিক্রি করে।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদুর রহমান জানান, আজ বেলা ১১টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, বাংলামোটরে ইস্টার্ন টাওয়ার আবাসিক কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে গত রোববার দিনদুপুরে ডাকাতি হয়। অস্ত্রধারী পাঁচ ডাকাত ফ্ল্যাটের ছয়জনকে জিম্মি করে পাঁচ লাখ টাকা, ৩০০ ভরি স্বর্ণালংকার, হীরার গয়না ও গৃহকর্তার লাইসেন্স করা রিভলবার লুট করে নিয়ে যায়।